images

স্পোর্টস / ক্রিকেট

পাকিস্তানি ক্রিকেটারকে দলে নেওয়ায় গাভাস্কারের ক্ষোভ

স্পোর্টস ডেস্ক

১৭ মার্চ ২০২৬, ০২:২০ পিএম

পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে দলে নেওয়াকে কেন্দ্র করে বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন ভারতের ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার। তার দাবি, এই ধরনের চুক্তি পরোক্ষভাবে ভারতের সৈন্য ও বেসামরিক নাগরিকদের মৃত্যুর সঙ্গে যুক্ত হতে পারে। ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডে ভারতীয় মালিকানাধীন একটি দলের হয়ে আবরারের খেলা নিয়েই এই মন্তব্য করেন গাভাস্কার। গত সপ্তাহে সানরাইজার্স লিডস ১ লাখ ৯০ হাজার পাউন্ডে তাকে দলে ভেড়ায়।

২০০৯ সাল থেকে রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানি ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে পারছেন না। ফলে দ্য হান্ড্রেডের নিলামে ভারতীয় মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিগুলো পাকিস্তানি ক্রিকেটারদের দলে নিবে কি না তা নিয়ে শঙ্কা ছিল। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) কঠোর অবস্থান নেওয়ায় শেষ পর্যন্ত এমন হয়নি। 

পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে দলে নিয়েছে আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের মালিকানাধীন সানরাইজার্স লিডস। তবে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গাভাস্কার। ভারতের একটি সংবাদপত্রে লেখা কলামে গাভাস্কার বলেন, “একজন পাকিস্তানি খেলোয়াড়কে যে অর্থ দেওয়া হয়, তিনি সেই আয়ের ওপর কর দেন তার সরকারকে। আর সেই সরকার ওই অর্থ দিয়ে অস্ত্র কিনে, যা পরোক্ষভাবে ভারতীয় সৈন্য ও সাধারণ মানুষের মৃত্যুর সঙ্গে জড়িত।”

তিনি আরও বলেন, “চুক্তিটি ভারতীয় প্রতিষ্ঠানের মাধ্যমেই হোক বা বিদেশি শাখার মাধ্যমে- যদি মালিক ভারতীয় হন, তাহলে তিনি পরোক্ষভাবে ভারতীয়দের ক্ষতির সঙ্গে যুক্ত হচ্ছেন।” এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।

এদিকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছিল, দ্য হান্ড্রেডে খেলোয়াড় নির্বাচন হবে সম্পূর্ণ পারফরম্যান্সের ভিত্তিতে, জাতীয়তার ভিত্তিতে নয়। উল্লেখ্য, রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। দুই দল এখন কেবল আইসিসি বা আঞ্চলিক টুর্নামেন্টেই একে অপরের মুখোমুখি হয়।

গাভাস্কার শেষ পর্যন্ত আশা প্রকাশ করেন, “এখনও সময় আছে এই ভুল শুধরে নেওয়ার। আশা করি, সঠিক সিদ্ধান্তই শেষ পর্যন্ত নেওয়া হবে।”