images

স্পোর্টস / ফুটবল

আর্জেন্টিনার ওয়াল’খ্যাত গোলরক্ষকের অবসর ঘোষণা

স্পোর্টস ডেস্ক

১৭ মার্চ ২০২৬, ১২:১৩ পিএম

আর্জেন্টিনার জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষক সের্হিও চিকিতো রোমেরো পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন। ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ তারকা মঙ্গলবার (১৭ মার্চ, ২০২৬) তার দীর্ঘ ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেন।

অবসর নিলেও ফুটবলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান না রোমেরো। তিনি ভবিষ্যতে কোচিংয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা করছেন। গত কয়েক বছর ধরে ঘন ঘন চোটের সমস্যা এবং পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব তার এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। গত বছরের শেষের দিকে আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে খেলার পর থেকে তিনি কোনো ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন না।

জাতীয় দলের হয়ে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত রোমেরো আর্জেন্টিনার গোলপোস্টে অটল আস্থার প্রতীক ছিলেন। এ সময়ে তিনি রেকর্ড ৯৬টি আন্তর্জাতিক ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেন। তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায়গুলো ছিল ২০১৪ ফিফা বিশ্বকাপ, ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকা। এই তিনটি টুর্নামেন্টেই আর্জেন্টিনাকে ফাইনালে পৌঁছে দিতে তার অসাধারণ অবদান ছিল, যদিও প্রতিবারই রানার্সআপ হয়ে থামতে হয়েছে দলকে। বিশেষ করে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি শুটআউটে তার দুর্দান্ত সেভগুলো ফুটবলপ্রেমীদের মনে চিরকালের জন্য গেঁথে গেছে।

দুর্ভাগ্যজনকভাবে, ২০১৮ বিশ্বকাপের ঠিক আগে চোটের কারণে তিনি খেলতে পারেননি এবং সেই বছরের পর আর জাতীয় দলে সুযোগ পাননি।

ক্লাব পর্যায়ে রোমেরোর যাত্রা শুরু হয় ২০০৬ সালে আর্জেন্টিনার রেসিং ক্লাব থেকে। পরবর্তীতে তিনি নেদারল্যান্ডসের এজেড আলকমার, ইতালির সাম্পদোরিয়া, ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড, স্পেনের ভালেন্সিয়া, বোকা জুনিয়র্স এবং সর্বশেষ আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে খেলেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডে প্রধানত ডেভিড দে হেয়ারের ব্যাকআপ হিসেবে থাকলেও সুযোগ পেলেই নিজের ক্লাস দেখিয়েছেন। ইউনাইটেডের হয়ে ৬১ ম্যাচে ৩৯টিতে ক্লিন শিট রাখার রেকর্ড তার সাক্ষ্য বহন করে। ক্লাব সমর্থকদের কাছে তার নিষ্ঠা ও পারফরম্যান্সের জন্য তিনি ছিলেন অত্যন্ত প্রিয়।

ব্যক্তিগত অর্জনের ঝুলিতে রোমেরোর রয়েছে ২০০৭ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ২০০৮ বেইজিং অলিম্পিকে স্বর্ণপদক। ক্লাব পর্যায়েও বিভিন্ন শিরোপা জয়ের স্মৃতি রয়েছে তার।