images

স্পোর্টস / ক্রিকেট

নেইমারবিহীন দল ঘোষণা ব্রাজিলের, ডাক পেলেন ৫ নতুন মুখ

স্পোর্টস ডেস্ক

১৭ মার্চ ২০২৬, ১২:০৫ পিএম

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করতে প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন এই দুই ম্যাচকে সামনে রেখে ঘোষিত দলে বড় চমক, জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের।

দীর্ঘদিন ধরেই ইনজুরিতে ভুগছেন নেইমার। ২০২৩ সালের অক্টোবরের পর জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি তার। ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড এখনও পুরোপুরি ফিট নন বলেই জানিয়েছেন আনচেলত্তি। তবে তাকে একেবারে ছেঁটে ফেলা হয়নি কোচ ইঙ্গিত দিয়েছেন, বিশ্বকাপের চূড়ান্ত দলে ফেরার সুযোগ এখনও খোলা আছে।

নতুন স্কোয়াডে বেশ কয়েকজন তরুণ ও উদীয়মান খেলোয়াড় জায়গা পেয়েছেন। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়ে আলোচনায় এসেছেন ব্রেন্টফোর্ডের স্ট্রাইকার ইগর থিয়াগো এবং বোর্নমাউথের উইঙ্গার রায়ান। চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা থিয়াগো ইতোমধ্যেই ১৯ গোল করে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা গোলদাতাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

এদিকে, রিয়াল মাদ্রিদ থেকে ধারে লিওঁতে গিয়ে উজ্জ্বল পারফরম্যান্স দেখানো তরুণ ফরোয়ার্ড এনড্রিক আবারও দলে জায়গা পেয়েছেন। মাত্র ১৯ বছর বয়সেই ক্লাবের হয়ে গোল ও অ্যাসিস্ট—দুটিতেই অবদান রেখে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন তিনি।

এছাড়া, গালাতাসারাইয়ের হয়ে লিগ জয় করা মিডফিল্ডার গ্যাব্রিয়েল সারা প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন। রক্ষণভাগে নতুন সংযোজন হিসেবে আছেন ফ্লামেঙ্গোর অভিজ্ঞ সেন্টার-ব্যাক লিও পেরেইরা।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে ১৩ জুন, নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ ‘সি’-তে তাদের অন্য প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। এর আগে প্রস্তুতির অংশ হিসেবে ২৬ মার্চ বোস্টনে ফ্রান্স এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।

এক নজরে ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক: অ্যালিসন বেকার, বেন্তো, এডারসন।
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কুইনহোস, ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, কাসেমিরো, দানিলো, ফাবিনহো, গ্যাব্রিয়েল সারা।
ফরোয়ার্ড: এনড্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, ম্যাথিউস কুনহা, রাফিনহা, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র।