images

স্পোর্টস / ফুটবল

সবচেয়ে বড় ফুটবল প্রশিক্ষণের গিনেস রেকর্ড গড়ল মেক্সিকো

স্পোর্টস ডেস্ক

১৬ মার্চ ২০২৬, ০৮:৫৭ পিএম

বিশ্বের সবচেয়ে বড় ফুটবল প্রশিক্ষণ ক্লাস আয়োজন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে মেক্সিকো। ১৫ মার্চ মেক্সিকো সিটির জোকালো প্লাজায় আয়োজিত এই ক্লাসে প্রায় ৯ হাজার ৫০০ মানুষ অংশ নেন।

৪০ মিনিটের এই ফুটবল ক্লাসে বিভিন্ন বয়সের নারী–পুরুষ অংশগ্রহণ করেন। তারা মঞ্চে থাকা প্রশিক্ষক ও সাবেক মেক্সিকান ফুটবল খেলোয়াড়দের নির্দেশনা অনুসরণ করে অনুশীলন করেন।

২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজনের কয়েক মাস আগে এই রেকর্ড গড়ল মেক্সিকো। যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে যৌথভাবে আগামী ১১ জুন থেকে বিশ্বকাপ আয়োজন করবে দেশটি।

মেক্সিকো সিটির এই আয়োজন ভেঙে দেয় আগের রেকর্ড। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের সিয়াটলে হওয়া ক্লাসে অংশ নিয়েছিলেন তুলনামূলক কম মানুষ; মেক্সিকোর এই ক্লাসে সেই সংখ্যাকে ছাড়িয়ে যায় ১ হাজার ৩৮ জন বেশি অংশগ্রহণকারী।

ক্লাস শেষে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের বিচারক আলফ্রেদো আরিস্তা জানান, মোট ৯ হাজার ৫০০ জন নিবন্ধিত অংশগ্রহণকারী ছিলেন এবং এর মাধ্যমে নতুন রেকর্ড তৈরি হয়েছে।

মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা বলেন, “আজ আমরা এই বড় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছি। ৯ হাজারের বেশি মানুষ একত্রিত হয়ে দেখিয়েছে যে আমরা অসাধারণ ও অসম্ভবকে সম্ভব করতে পারি।”

তিনি আরও বলেন, “এই রেকর্ডের মাধ্যমে শহরটি বিশ্বকে একটি বার্তা দিচ্ছে—খেলাধুলা, বিশেষ করে ফুটবল, একটি সর্বজনীন ভাষা; শান্তির ভাষা, যার কোনো অনুবাদ লাগে না। অভিনন্দন মেক্সিকো সিটি, আজ থেকেই আমরা বিশ্বকাপের যাত্রা শুরু করলাম।”