স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ০৮:১৫ পিএম
ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে বড় জয়ে কোয়ার্টার-ফাইনালের পথে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদের শক্তি বেড়েছে। চোট কাটিয়ে ফিরতি লেগের স্কোয়াডে ফিরেছেন ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে, মিডফিল্ডার জুড বেলিংহ্যাম ও ডিফেন্ডার আলভারো কাররেয়াস।
মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় ফিরতি লেগে মাঠে নামবে দুই দল। গত সপ্তাহে ঘরের মাঠে প্রথম লেগ ৩-০ গোলে জিতে শেষ আটের পথে এগিয়ে আছে রিয়াল।
গত ডিসেম্বরে লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান এমবাপে। এ কারণে সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বের ম্যাচে খেলতে পারেননি তিনি। এছাড়াও চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বেশ কিছু ম্যাচে খেলতে পারেননি তিনি। দলের হয়ে সবশেষ গত ২১ ফেব্রুয়ারি ওসাসুনার বিপক্ষে লিগ ম্যাচে মাঠে নামেন এই ফরাসি তারকা।
এবারের চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত ১৩ গোল করেছেন এমবাপে। অন্যদিকে গত মাসের শুরুতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া বেলিংহ্যামের এপ্রিলের আগে মাঠে ফেরার সম্ভাবনা ছিল না বলে এক প্রতিবেদনে জানিয়েছিল ইএসপিএন। এবার সূত্রের বরাত দিয়ে আরেক প্রতিবেদনে তারা জানায়, স্কোয়াডে থাকলেও সিটির বিপক্ষে এই ইংলিশ মিডফিল্ডারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
মার্চের শুরুতে লা লিগায় গেতাফের বিপক্ষে খেলার সময় ডান পায়ের পেশিতে চোট পান কাররেয়াস। তিন ম্যাচ বাইরে থাকার পর ফিরলেন এই স্প্যানিশ লেফট ব্যাক।