images

স্পোর্টস / ক্রিকেট

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক

১৬ মার্চ ২০২৬, ০৪:৩২ পিএম

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। ম্যান ইন গ্রিনদের ২-১ ব্যবধানে হারিয়েছে মেহেদী মিরাজের দল। পাকিস্তান সিরিজ শেষ হতে না হতেই এবার চূড়ান্ত হল বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক সিরিজের সময়-সূচি। 

বাংলাদেশ নিজেদের পরবর্তী সিরিজও খেলবে ঘরের মাঠেই। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজটি হবে সাদা বলের। কিউইদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। কদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ। এরপর এবারই প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাঠে নামতে চলেছে লাল-সবুজের দল। 

বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল ঢাকায় এসে পৌঁছাবে নিউজিল্যান্ড দল। প্রস্তুতি নেওয়ার জন্য কিউইরা সময় পাবে ১৬ এপ্রিল পর্যন্ত। দুই দল আগে মুখোমুখি হবে একদিনের ক্রিকেটে। ১৭ এপ্রিল প্রথম ম্যাচে মিরপুর শেরে বাংলায় মাঠে নামবে দুই দল। একই ভেন্যুতে ২০ এপ্রিল মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। 

সিরিজের তৃতীয় ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৩ এপ্রিল। এ ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এরপর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ যা মাঠে গড়াবে ২৭ এপ্রিল। ২৯ এপ্রিল সিরিজের দ্বিতীয় ম্যাচটিও হবে চট্টগ্রামেই। এরপর দুই দলই ফিরবে ঢাকায়। মিরপুরে সিরিজের শেষ ম্যাচটি হবে ২ মে।