images

স্পোর্টস / ক্রিকেট

যারা তেল দিতে জানে না, তারা পিছিয়েই থাকে— সৌম্যর স্ত্রী

স্পোর্টস ডেস্ক

১৬ মার্চ ২০২৬, ০১:১৬ পিএম

বাংলাদেশ পাকিস্তানকে তৃতীয় ওয়ানডেতে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে। কিন্তু সিরিজ জয়ের আনন্দের মাঝেই একাদশ নির্বাচন নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। প্রথম দুই ম্যাচের একই একাদশে তৃতীয় ওয়ানডেও খেলেছে টাইগাররা। ফলে ওপেনিংয়ে জায়গা হয়নি অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকারের।

এই সিদ্ধান্তের পরই সৌম্যর স্ত্রী ফেসবুকে এক রহস্যময় পোস্ট দিয়ে লেখেন, “পৃথিবীটা নিষ্ঠুর।” শুধু তাই নয়, তিনি আরও লেখেন, “কঠোর পরিশ্রম, অর্জন আর নিষ্ঠা সব সময় স্বীকৃতি পায় না। আর যারা মানুষকে তেল দেওয়ার কৌশল জানে না, তারা অনেক সময় পিছিয়েই থাকে।”

debnath_soyamay_wife

পোস্টটি ভাইরাল হওয়ার পরই সৌম্যকে বাদ দেওয়ার কারণ স্পষ্ট করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সৌম্য গত সিরিজে দারুণ খেলেছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু সাম্প্রতিক সময়ে সে ছন্দে ছিল না। ঘরোয়া ক্রিকেটেও তার ফর্ম ভালো ছিল না। তাই টিম ম্যানেজমেন্ট তাকে এই সিরিজে বিবেচনা করেনি।”

মিরাজ আরও জানান, পুরো সিরিজে ওপেনিংয়ে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমকে সুযোগ দেওয়ার পরিকল্পনা ছিল টিমের। “তানজিদ গত সিরিজে খেলেনি, সৌম্য-সাইফ খেলেছে। সৌম্য একটু স্ট্রাগল করছিল, তাই তামিম ও সাইফকে দিয়ে ওপেন করানোই আমাদের জন্য সহজ ছিল,” বলেন অধিনায়ক।

তবে সৌম্যকে পুরোপুরি বাদ দেওয়া হয়নি বলে স্পষ্ট করেন মিরাজ। তিনি বলেন, “আমরা চাই একজন ব্যাটসম্যানকে পর্যাপ্ত সুযোগ দিতে। এক ম্যাচ খেলেই কাউকে বাদ দেওয়া ঠিক নয়। সৌম্য যখন আবার খেলার সুযোগ পাবে, তখন তাকে ৩-৪ ম্যাচ একসঙ্গে খেলতে দেওয়া হবে। আগের সিরিজেও আমরা সৌম্যকে তিন ম্যাচ সুযোগ দিয়েছি, তামিমকে বসিয়ে রেখেছি। একই নীতি আমরা চালিয়ে যাব।”

এসটি