images

স্পোর্টস / ফুটবল

ওয়েস্টহ্যামের কাছে পয়েন্ট খুইয়েও শিরোপা জেতার আশা গার্দিওলার

স্পোর্টস ডেস্ক

১৫ মার্চ ২০২৬, ০৯:২৯ পিএম

ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগেই পেপ গুয়ার্দিওলা জানিয়েছিলেন, এই ম্যাচে পয়েন্ট হারালে ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় শেষ হয়ে যেতে পারে। তবে তালিকার নিচের দিকের দলটির বিপক্ষে হোঁচট খাওয়ার পর নিজের অবস্থান পরিবর্তন করেছেন তিনি। শনিবার ওয়েস্ট হ্যামের মাঠে ১-১ গোলে ড্র করায় প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়ে সিটি।

এই ম্যাচ শুরুর প্রায় এক ঘণ্টা আগে আর্সেনাল যখন এভারটনের রক্ষণভাগ ভাঙতে হিমশিম খাচ্ছিল, তখন মনে হয়েছিল সিটি হয়তো শীর্ষে থাকা দলটি সঙ্গে ব্যবধান কমানোর একটি সুবর্ণ সুযোগ পেতে যাচ্ছে। কিন্তু শেষ মুহূর্তের দুই গোলে আর্সেনালের জয় এবং পরবর্তীতে সিটির নিস্প্রভ পারফরম্যান্স সব সমীকরণ বদলে দেয়। পুরো ম্যাচে বল দখল এবং পাসিংয়ে আধিপত্য বজায় রাখলেও রেলিগেশন এড়ানোর লড়াইয়ে থাকা ওয়েস্ট হ্যামের বিপক্ষে মাত্র একবারই জালের দেখা পায় সিটি।

ফলে মৌসুমের আট ম্যাচ বাকি থাকতে আর্সেনালের চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে পড়েছে সিটি। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট আর্সেনালের। এক ম্যাচ কম খেলা গুয়ার্দিওলার দলের পয়েন্ট ৬১। ওয়েস্ট হ্যামের বিপক্ষে পয়েন্ট হারালে সিটির শিরোপার লড়াই শেষ হয়ে যেতে পারে – ম্যাচ শেষে এই প্রসঙ্গটি সামনে আনা হলে গুয়ার্দিওলা প্রশ্ন করেন, “কে বলেছে?”

তাকে যখন মনে করিয়ে দেওয়া হয় যে তিনিই এটি বলেছিলেন, তখন সিটি কোচ টিএনটি স্পোর্টসকে বলেন, “না, এটি শেষ হয়ে যায়নি। কারণ আমরা হারিনি।” গুয়ার্দিওলা অবশ্য স্বীকার করে নেন যে, ফিনিশিংয়ের অভাবই চলতি মৌসুমে তাদের আবারও ভুগিয়েছে। এ প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, “তারা সবকিছুই করেছে। তারা লড়াই করেছে। ২৪টি শট, আমি জানি না কতগুলো। আমাদের ফাইনাল থার্ডে আরও ভালো করতে হতো। আমরা তা করতে পারিনি, এটাই।”

লিগে সবশেষ ১৮ ম্যাচে কেবল একটিতে হারলেও জয়ের ভালো অবস্থান থেকে ১০ পয়েন্ট হারিয়েছে সিটি। গত ম্যাচে রেলিগেশন অঞ্চলে থাকা নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা।