স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ০৩:১২ পিএম
বাংলাদেশ জাতীয় ফুটবল দল সামনে দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে। এর মধ্যে একটি ফিফা প্রীতি ম্যাচ এবং অন্যটি এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ। এই দুই ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা ঢাকায় ক্যাম্প শুরু করার আগে ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন।
বাংলাদেশ আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। এরপর ৩১ মার্চ সিঙ্গাপুরের মুখোমুখি হবে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে। এই দুটি ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে আগামীকাল থেকে ঢাকায় এবং চলবে ২০ মার্চ পর্যন্ত। অনুশীলনের জন্য নির্ধারণ করা হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনা।
দলের সঙ্গে সরাসরি ভিয়েতনামে যোগ দেবেন ইংল্যান্ডে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী। জানা গেছে, তিনি ২২ মার্চ ইংল্যান্ড থেকে ভিয়েতনামে গিয়ে দলের সঙ্গে যুক্ত হবেন। এ কারণেই ঢাকার ক্যাম্পের জন্য ঘোষিত ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াডে তার নাম রাখা হয়নি। এদিকে দীর্ঘ প্রায় দেড় বছর পর ইনজুরি কাটিয়ে আবার জাতীয় দলে ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। ইনজুরির কারণে তিনি দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। সবশেষ ২০২৪ সালে ভুটানের বিপক্ষে লাল-সবুজের জার্সিতে খেলেছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলে দারুণ ছন্দে রয়েছেন বিশ্বনাথ। সর্বশেষ ফর্টিস এফসির বিপক্ষে গুরুত্বপূর্ণ লিগ ম্যাচে তার দল বসুন্ধরা কিংস ৩-২ ব্যবধানে জয় পেয়েছে।
জাতীয় দলে আরও একটি প্রত্যাবর্তনের গল্প লিখেছেন ডিফেন্ডার মঞ্জুরুর রহমান মানিক। প্রায় পাঁচ বছর পর আবার জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। বর্তমানে ফর্টিস এফসির হয়ে খেলছেন এই ডিফেন্ডার। দীর্ঘ সময় পর তার দলে ফেরা অনেকের কাছেই ইতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া প্রবাসী ফুটবলারদের কয়েকজনও খুব শিগগিরই ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন। ইতালির ক্লাব ওলিবিয়া সালসিওর ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম, কানাডা প্রবাসী সোমিত সোম এবং তারিক কাজীদের আজ কিংবা আগামীকালের মধ্যে ঢাকায় আসার কথা রয়েছে।
এবার প্রথমবারের মতো জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক ইশাক আকন্দ। তিনি এর আগে অনূর্ধ্ব-২০ জাতীয় দলের হয়ে খেলেছিলেন এবং সেখান থেকেই নজর কাড়েন। প্রাথমিক স্কোয়াডে মোট চারজন গোলকিপার রাখা হয়েছে। শেষ পর্যন্ত চূড়ান্ত স্কোয়াডে তিনজন গোলরক্ষকের মধ্যে ইশাক জায়গা পান কি না, সেটি এখন দেখার বিষয়।
এছাড়া রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির ফরোয়ার্ড রফিকুল ইসলামও প্রথমবারের মতো জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন।
ঢাকা ট্রেনিং ক্যাম্পের জন্য বাংলাদেশ জাতীয় দল:
ফরোয়ার্ড : আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, সুমন রেজা।
মিডফিল্ডার : শাহ কাজেম কিরমানি, শেখ মোরসেলিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো সোহেল রানা, মো. হৃদয়, সোমিত সোম।
ডিফেন্ডার : তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, মো. আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মঞ্জুরুর রহমান, ইসা ফয়সাল।
গোলরক্ষক: মিতুল মারমা, মো. সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, ইশাক আকন্দ।
এসটি