স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ০২:৪০ পিএম
এলচেকে গুঁড়িয়ে স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার ঘরের মাঠে ৪-১ গোলে জিতেছে আলভেরো আরবেলোয়ার দল।
সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়ালের হয়ে গোলগুলো করেন আন্টোনিও রুডিগার, ফেদে ভালভের্দে, ডিন হাউসেন ও আর্দা গুলের। শেষ দিকে মানুয়েল আনহেলের আত্মঘাতী গোলে ব্যবধান কমে এলচের। এই জয়ে বার্সেলোনার চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে রিয়াল। ২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৬৬। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
চোটের কারণে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম ও রদ্রিগো মাঠের বাইরে থাকায় আক্রমণভাগে অনেকটাই শক্তি হারিয়েছে রিয়াল। টানা চার ম্যাচে গোলের দেখা পাননি ভিনিসুস জুনিয়রও। এই সময়ে আক্রমণভাগে দারুণভাবে নিজেকে মেলে ধরেছেন ভালভের্দে। বল দখলের লড়াইয়ে এলচের চেয়ে পিছিয়ে থাকা রিয়ালকে ৩৯তম মিনিটে এগিয়ে দিতেও ভূমিকা রাখেন উরুগুয়ের এই মিডফিল্ডার।
ভালভের্দের নেওয়া ফ্রি কিক ঠেকিয়ে দেন গোলরক্ষক। এরপর সেটি প্রতিপক্ষের একজন হেড করলে বল যায় রুডিগারের পায়ে। সেখান থেকে দুর্দান্ত ভলিতে বল জালে জড়ান এই জার্মান ডিফেন্ডার। রিয়ালের জার্সিতে ২০২৪ সালের জানুয়ারির পর এটি তার প্রথম গোল।
৫ মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে ব্যবধান দ্বিগুণ করেন ভালভের্দে নিজেই। রিয়ালের হয়ে সবশেষ তিন ম্যাচে এটি তার পঞ্চম গোল। হেডে ৬৬তম মিনিটে ব্যবধান আরও বাড়ান হাউসেন। ৮৫তম মিনিটে ক্রস ঠেকাতে গিয়ে মিডফিল্ডার আনহেল নিজেদের জালে বল জড়ালে ব্যবধান কমে এলচের।
এর ৪ মিনিট পর নিজেদের অর্ধ থেকে নেওয়া শটে রিয়ালের শেষ গোলটি করেন বদলি হিসেবে নামা গুলের। অনেকটা এগিয়ে থাকা এলচে গোলরক্ষক সময় মতো ফিরতে পারেননি। তার মাথার উপর দিয়ে জালে জড়ায় বলটি। ইএসপিএনের মতে, ৬৮ দশমিক ৬ মিটার দূর থেকে শটটি নেন তুরস্কের এই মিডফিল্ডার।