images

স্পোর্টস / ক্রিকেট

বৃষ্টিতে ভেসে যেতে পারে বাংলাদেশ-পাকিস্তানের সিরিজ নির্ধারণী ম্যাচ

স্পোর্টস ডেস্ক

১৫ মার্চ ২০২৬, ০১:২০ পিএম

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচে। সিরিজে বর্তমানে দুই দলই ১–১ সমতায় রয়েছে। তাই আজকের ম্যাচটি কার্যত অঘোষিত ফাইনাল, যে দল জিতবে, তারাই সিরিজ নিজেদের করে নেবে।

তবে ম্যাচ ঘিরে একটি বড় চিন্তার বিষয় হচ্ছে আবহাওয়া। সকাল থেকেই ঢাকার আকাশে মেঘ আর রোদের লুকোচুরি চলছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ৫৫ শতাংশ। বজ্রবৃষ্টির সম্ভাবনাও আছে প্রায় ৫২ শতাংশ। দিনের তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস।

ম্যাচ শুরু হওয়ার কথা বেলা ২টা ১৫ মিনিটে। এই সময় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম, প্রায় ১৪ শতাংশ। তবে বিকেলের দিকে পরিস্থিতি বদলাতে পারে। সন্ধ্যা ৬টার দিকে বৃষ্টির সম্ভাবনা বেড়ে প্রায় ৫১ শতাংশে পৌঁছাতে পারে।

সিরিজের প্রথম ম্যাচে দাপুটে পারফরম্যান্সে ৮ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে বৃষ্টির প্রভাবে বদলে যায় সমীকরণ। পাকিস্তানের দেওয়া ২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বৃষ্টির কারণে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৩২ ওভারে ২৪৩ রান। কঠিন এই লক্ষ্য পূরণ করতে পারেনি স্বাগতিকরা এবং শেষ পর্যন্ত বড় ব্যবধানে হেরে যায়।

ম্যাচ শেষে বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস বলেছিলেন, খেলা যদি পূর্ণ ৫০ ওভার হতো, তাহলে ম্যাচের চিত্র ভিন্নও হতে পারত।

এসটি