স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ০১:০৯ পিএম
সম্প্রতি সমাপ্ত আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর চারপাশে সৃষ্ট বিভিন্ন বিতর্ক ও অনিশ্চয়তার প্রেক্ষাপটে প্রথমবার প্রকাশ্যে মন্তব্য করেছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কোনো দেশ বা দলই আইসিসির চেয়ে বড় নয় এবং কোনো একক দল একটি সংস্থাকে প্রতিনিধিত্ব করে না।
মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জয় শাহ বলেন, বিশ্বকাপ শুরুর আগে টুর্নামেন্ট আয়োজন এবং কয়েকটি দলের অংশগ্রহণ নিয়ে ব্যাপক আলোচনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় এবং পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের হুমকি দিয়েছিল। তবে শেষ পর্যন্ত সব জটিলতা কাটিয়ে টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, “এই আইসিসি বিশ্বকাপটি খুব গুরুত্বপূর্ণ ছিল। টুর্নামেন্ট শুরুর আগে অনেক আলোচনা হচ্ছিল—কিছু দল খেলবে কি না এবং বিশ্বকাপ আদৌ আয়োজন করা যাবে কি না। আইসিসির চেয়ারম্যান হিসেবে আমি বলতে চাই, কোনো দলই সংগঠনের চেয়ে বড় নয় এবং কোনো একক দল একটি সংগঠনকে তৈরি করে না। সব দল মিলেই একটি সংগঠন গড়ে ওঠে।”
জয় শাহ এই টুর্নামেন্টের দর্শকসংখ্যার রেকর্ড গড়ার কথাও তুলে ধরেন। তার ভাষ্যমতে, এবার প্রথমবারের মতো একসঙ্গে ৭.২ মিলিয়ন দর্শক ম্যাচ দেখেছেন এবং সামগ্রিক দর্শকসংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ভারতে দর্শকসংখ্যা ৫০০ মিলিয়নেরও বেশি হয়েছে বলে জানান তিনি।
সহযোগী (অ্যাসোসিয়েট) দেশগুলোর পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভারতের বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেছে, নেদারল্যান্ডস পাকিস্তানকে চাপে ফেলেছে, জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে এবং নেপাল ইংল্যান্ডকে কঠিন লড়াইয়ে ফেলেছিল। এসব ফলাফল সহযোগী দেশগুলোর অগ্রগতির স্পষ্ট প্রমাণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং কোচ গৌতম গম্ভীর। তাদের উদ্দেশ্যে জয় শাহ বলেন, শীর্ষে ওঠা যেমন কঠিন, তেমনি শীর্ষ থেকে নেমে যাওয়াও সহজ। তাই ভবিষ্যতের জন্য পরিকল্পনা ও পরিশ্রম অব্যাহত রাখতে হবে।
তিনি যোগ করেন, “শীর্ষে ওঠার জন্য অনেক বছর সময় লাগে, কিন্তু সেখান থেকে নিচে নেমে যেতে কয়েক মাসই যথেষ্ট। তাই পরিশ্রম চালিয়ে যেতে হবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে।”
প্রসঙ্গত, জয় শাহ ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত বিসিসিআইয়ের সচিব ছিলেন। এরপর তিনি আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন। তার সময়ে ভারতীয় ক্রিকেট দল বিভিন্ন আন্তর্জাতিক শিরোপা জিতেছে, যার মধ্যে রয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ।