স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ০২:৫৩ পিএম
নিউজিল্যান্ড জাতীয় দলের দুই সহকারী কোচ লুক রনকি ও জ্যাকব ওরাম পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬-এ ইসলামাবাদ ইউনাইটেডের কোচিং স্টাফে যোগ দিচ্ছেন। যদিও একই সময়ে নিউজিল্যান্ডের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ এবং পরে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ রয়েছে।
বর্তমানে নিউজিল্যান্ড দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন রনকি, আর বোলিং কোচের দায়িত্বে আছেন ওরাম। জানুয়ারিতে ২০১৭–১৮ মৌসুমে খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টে অভিষেকের পর তিন মৌসুম ইসলামাবাদ ইউনাইটেডে খেলা রনকিকে দলটির প্রধান কোচ করা হয়। তার সহকারী হিসেবে থাকবেন ওরাম।
নিউজিল্যান্ড ক্রিকেটের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডেল বলেন, “নিউজিল্যান্ডের বাইরে কোচিং অভিজ্ঞতা বাড়ানোর জন্য এটি লুক ও জ্যাকের জন্য দারুণ সুযোগ। আমাদের খেলোয়াড়দের মতো কোচরাও এখন বিশ্বজুড়ে চাহিদাসম্পন্ন। আমরা বিশ্বাস করি, পিএসএলে কাজ করার অভিজ্ঞতা তাদের ব্যক্তিগত উন্নতিতে সহায়তা করবে এবং তারা সেখান থেকে পাওয়া জ্ঞান ভবিষ্যতে ব্ল্যাক ক্যাপস ও নিউজিল্যান্ড ক্রিকেটের কাজে লাগাতে পারবে।”
১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। আর ২৬ মার্চ শুরু হওয়ার কথা পিএসএলের নতুন মৌসুম।

এরপর নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলার কথা রয়েছে। তবে সেই সিরিজের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
রনকি ও ওরাম পিএসএলে থাকায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে প্রধান কোচ রব ওয়াল্টারের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়েলিংটনের কোচ জনি ব্যাসেট-গ্রাহাম ও নিউজিল্যান্ড ক্রিকেটের নেটওয়ার্ক কোচ গ্রেম অলড্রিজ। আর বাংলাদেশ সফরের সময় দলে যোগ দেবেন ক্যান্টারবারির কোচ ব্রেনডন ডঙ্কার্স।
মাইক স্যান্ডেল বলেন, “জনি, গ্রেম ও ব্রেনডন ব্ল্যাক ক্যাপসের সঙ্গে কাজ করার সুযোগ পাবে, যা তাদের জন্য মূল্যবান অভিজ্ঞতা হবে। এতে আমাদের হাই-পারফরম্যান্স কোচিং কাঠামোও আরও শক্তিশালী হবে।”