images

স্পোর্টস / ক্রিকেট

পাকিস্তান স্পিনারকে কিনে তোপের মুখে সানরাইজার্সের মালিক

স্পোর্টস ডেস্ক

১৩ মার্চ ২০২৬, ০২:৫১ পিএম

দ্য হান্ড্রেডের প্রথম পুরুষ খেলোয়াড় নিলাম শেষ হতেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে মাঠের বাইরে। ভারতীয় মালিকানাধীন সানরাইজার্স লিডস ফ্র্যাঞ্চাইজি পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদকে দলে ভেড়ানোয় সৃষ্টি হয়েছে ব্যাপক বিতর্ক। নিলামে ১ লাখ ৯০ হাজার পাউন্ড (প্রায় ২.৩৪ কোটি টাকা) খরচ করে আবরারকে কিনে নেয় সানরাইজার্স লিডস। যা এই টুর্নামেন্টে ভারতীয় মালিকানাধীন দলের পক্ষ থেকে কোনো পাকিস্তানি ক্রিকেটারকে নেওয়ার প্রথম ঘটনা।

গত বছর ‘দ্য হান্ড্রেড’-এর মালিকানা বদলে যাওয়ার পর নর্দার্ন সুপারচার্জার্সের নিয়ন্ত্রণ নেয় আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিকপক্ষ। সেই সূত্রে দলটির নাম বদলে রাখা হয় ‘সানরাইজার্স লিডস’। ২০০৯ সাল থেকে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিষিদ্ধ থাকায় ধারণা করা হয়েছিল, ভারতীয় মালিকানাধীন দলগুলো পাকিস্তানি ক্রিকেটারদের এড়িয়ে চলবে। কিন্তু আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ৩ নম্বর বোলার আবরারকে কিনে নিয়ে চমক দেয় সানরাইজার্স।

এই সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় সমর্থকদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভ দেখা যায়। ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার কারণে আইপিএলসহ অন্যান্য লিগে ভারতীয় মালিকানাধীন দলগুলো সাধারণত পাকিস্তানি খেলোয়াড়দের এড়িয়ে চলে। এমন একটা অলিখিত নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে। ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ এবং সানরাইজার্স গ্রুপের সিইও কাব্যা মারানের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। কেউ কেউ সানরাইজার্স হায়দরাবাদকে (আইপিএল) বয়কটের ডাকও দিয়েছেন।

sunrisersleeds_account_suspends

আরও চাঞ্চল্যকর ঘটনা হলো, আবরারকে দলে নেওয়ার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সানরাইজার্স লিডসের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয় প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ। অ্যাকাউন্ট খুলতে গেলে 'অ্যাকাউন্ট সাসপেন্ডেড' মেসেজ দেখা যাচ্ছে, যদিও এক্স থেকে সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। অনেকের ধারণা, তীব্র সমালোচনা ও গণ রিপোর্টিংয়ের কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে নিলামে পাকিস্তানের অন্যান্য বড় তারকাদের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলো তেমন আগ্রহ দেখায়নি। হারিস রউফ, সাইম আইয়ুব এবং শাদাব খানের মতো খেলোয়াড়রা অবিক্রিত থেকে গেছেন। শাহীন শাহ আফ্রিদি আগেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। নারী বিভাগেও ফাতিমা সানা ও সাদিয়া ইকবালের মতো খেলোয়াড়রা দল পাননি। তবে আবরার ছাড়াও উসমান তারিক বার্মিংহাম ফিনিক্সে যোগ দিয়েছেন।

এসটি