স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ১২:৫৯ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে ইরানের জাতীয় ফুটবল দল জানিয়েছে, কাউকে ইচ্ছামতো বিশ্বকাপ থেকে ইরানকে বাদ দেওয়ার সুযোগ নেই।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ইঙ্গিত দেন, উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে অংশ নিতে গেলে ইরান দলের খেলোয়াড়দের ‘জীবন ও নিরাপত্তা’ ঝুঁকিতে পড়তে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া সংঘাতের জেরে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে আয়োজিত এই টুর্নামেন্টে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এর আগের দিন ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি বলেন, চলমান সংঘাতের কারণে “কোনো পরিস্থিতিতেই” ইরানের পক্ষে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়।
তবে ট্রাম্পের মন্তব্যের জবাবে জাতীয় দলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে ইরান ফুটবল দল জানায়, বিশ্বকাপ একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিক আয়োজন এবং এর নিয়ন্ত্রক সংস্থা ফিফা, কোনো ব্যক্তি বা দেশের সিদ্ধান্তে এটি পরিচালিত হয় না। তারা আরও উল্লেখ করে, বিশ্বকাপের জন্য প্রথম দিকেই যোগ্যতা অর্জন করা দলগুলোর একটি ছিল ইরান।
বিবৃতিতে আরও বলা হয়, “নিশ্চিতভাবেই ইরানের জাতীয় দলকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না। বরং বাদ পড়তে পারে সেই দেশ, যে কেবল আয়োজকের তকমা বহন করে কিন্তু এই বৈশ্বিক আসরে অংশ নেওয়া দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম নয়।”
এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও জানান, বিশ্বকাপে অংশ নিতে ইরান দলকে স্বাগত জানানো হবে। মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নিতে ইরান দল অবশ্যই স্বাগত।”