স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ০৮:৪৪ এএম
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডে খেলতে যাচ্ছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার অনুষ্ঠিত ২০২৬ আসরের নিলামে তাকে ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। এর মধ্য দিয়ে তিনিই হতে যাচ্ছেন এই টুর্নামেন্টে খেলা প্রথম বাংলাদেশি ক্রিকেটার।
দিনের শুরুতে অবশ্য আরেক বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন নিলামে দল পাননি। আট দলের এই টুর্নামেন্ট শুরু হবে ২১ জুলাই এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ আগস্ট।
নিলামের তালিকায় বাংলাদেশের হয়ে ছিলেন কেবল মুস্তাফিজ ও রিশাদ। যদিও ড্রাফটের জন্য আরও ২১ জন বাংলাদেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন, কিন্তু তারা চূড়ান্ত তালিকায় জায়গা পাননি।
বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য ছিল মুস্তাফিজের- ১ লাখ পাউন্ড। আর দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড ছিল রিশাদের।
রিশাদকে রাখা হয়েছিল টিয়ার–১ স্পিনারদের তালিকায়। সেখানে তার সঙ্গে ছিলেন আকিল হোসেন, এএম গাজানফার, উসমান তারিক ও জাফের চোহান। এর মধ্যে উসমান তারিককে ১ লাখ ৪০ হাজার পাউন্ডে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স। গাজানফার নিলামের আগের দিন নাম প্রত্যাহার করেন, আকিল হোসেন দল পাননি এবং জাফের চোহান ৩৫ হাজার পাউন্ডে যোগ দেন ওয়েলশ ফায়ারে।
মুস্তাফিজকে রাখা হয়েছিল লংলিস্ট ক্যাটাগরিতে। নিলামের তৃতীয় ও শেষ ধাপে, যেখানে দলগুলো নিজেদের পছন্দের খেলোয়াড় মনোনয়ন দিতে পারে, সেখান থেকেই তাকে দলে নেয় বার্মিংহাম ফিনিক্স।