images

স্পোর্টস / ক্রিকেট

হান্ড্রেডে পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিল ভারতীয় ফ্র্যাঞ্চাইজি

স্পোর্টস ডেস্ক

১২ মার্চ ২০২৬, ০৯:১৭ পিএম

পুরুষদের দ্য হান্ড্রেডের নিলামে পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে দলে নিয়েছে সানরাইজার্স লিডস। পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএল–সংযুক্ত ফ্র্যাঞ্চাইজিগুলো উপেক্ষা করতে পারে, এমন আশঙ্কার মধ্যেই এই সিদ্ধান্ত এলো।

ফেব্রুয়ারিতে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছিল, আইপিএল–সংযুক্ত ভারতীয় চারটি হান্ড্রেড ফ্র্যাঞ্চাইজি পাকিস্তানের খেলোয়াড়দের বিবেচনায় নাও নিতে পারে। ২০০৯ সাল থেকে ভারতে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর কার্যত নিষেধাজ্ঞা থাকায় এমন আশঙ্কা তৈরি হয়েছিল।

তবে ২৭ বছর বয়সী আবরারকে ১ লাখ ৯০ হাজার পাউন্ডে কিনে নেয় সানরাইজার্স লিডস। হেডিংলিতে ভিত্তিক এই দলটি সম্পূর্ণভাবে ভারতের আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের মালিকানাধীন।

এর আগে পাকিস্তানি খেলোয়াড়দের সম্ভাব্য উপেক্ষা নিয়ে আলোচনা শুরু হলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) আটটি ফ্র্যাঞ্চাইজিকে চিঠি দিয়ে বৈষম্যবিরোধী নীতিমালা মেনে চলার কথা স্মরণ করিয়ে দেয়। পরে ইসিবি ও আটটি দল যৌথ বিবৃতিতে জানায়, “কোনো খেলোয়াড়কে তার জাতীয়তার ভিত্তিতে বাদ দেওয়া যাবে না।”

নিলামের সবচেয়ে চড়া দামে বিক্রি হয়েছেন ২১ বছর বয়সী ইংলিশ অলরাউন্ডার জেমস কোলস। তাকে ৩ লাখ ৯০ হাজার পাউন্ডে দলে নিয়েছে লন্ডন স্পিরিট। সাসেক্সের এই স্পিন–বোলিং অলরাউন্ডারের এত মূল্য নতুন করে দ্য হান্ড্রেডের আর্থিক শক্তির প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। গত বছর আটটি দলের শেয়ার বিনিয়োগকারীদের কাছে বিক্রি হওয়ার পর টুর্নামেন্টটির অর্থনৈতিক শক্তি আরও বেড়েছে।