স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০২৬, ০৩:৪৩ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
বুধবার (১১ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মো. দৌলতুজ্জামান খাঁনের স্বাক্ষরিত এক আদেশে এই তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির প্রধান করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে। অভিযোগ রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে বিভিন্ন ধরনের অনিয়ম, কারসাজি এবং ক্ষমতার অপব্যবহার হয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত কার্যক্রম সম্পন্ন করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
কমিটির বাকি চার সদস্য হলেন-
১. মো. সেলিম ফকির, এনডিসি, অতিরিক্ত সচিব (ক্রীড়া-১ অনুবিভাগ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
২. মোহাম্মদ নাসিরুল ইসলাম, যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি এডমিন ও দক্ষিণ) ডিএমপিএ
৩. টি এম সাইদুজ্জামান (ক্রীড়া সাংবাদিক)
৪. ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট (এ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট)।
এসটি