স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০২৬, ০১:৪১ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ ও তীব্র ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেও ২০২৬ ফিফা বিশ্বকাপে ইরানের জাতীয় ফুটবল দল অংশ নিতে পারবে বলে আশ্বাস দিয়েছে ফিফা। মাত্র তিন মাসের মধ্যে শুরু হতে যাওয়া এই মহাতোড়জশোয় ইরানকে আমেরিকায় প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এমনটায় জানায় ডেইলি মেইলের এক প্রতিবেদনে।
মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইনফান্তিনো। বৈঠকের পর তিনি জানান, আলোচনায় ইরানের বর্তমান পরিস্থিতি এবং বিশ্বকাপে তাদের অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে, ইরানি দলকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো হবে এবং তারা টুর্নামেন্টে খেলতে পারবে।
ইনফান্তিনো বলেন, “আমরা ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছি এবং এটা যে ইরান দল ২০২৬ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প পুনর্ব্যক্ত করেছেন যে, ইরানি দল অবশ্যই যুক্তরাষ্ট্রে টুর্নামেন্টে অংশ নিতে স্বাগত।” তিনি আরও যোগ করেন, এমন কঠিন সময়ে বিশ্বকাপের মতো একটি ইভেন্ট মানুষকে একত্রিত করতে পারে। “আমাদের সবার এখন এমন একটি ইভেন্ট দরকার যা মানুষকে এক করে। আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।”
১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই বিশ্বকাপ, যা যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইরান গ্রুপ জি-তে রয়েছে বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ডের সঙ্গে। ইরানের গ্রুপ পর্বের সব ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে। ১৫ জুন ইরান বনাম নিউজিল্যান্ড; সোফি স্টেডিয়াম, ইনগলউড (লস অ্যাঞ্জেলেস এলাকা), ক্যালিফোর্নিয়া। ২১ জুন বেলজিয়াম বনাম ইরান; একই স্টেডিয়াম। ২৬ জুন মিশর বনাম ইরান লুমেন ফিল্ড, সিয়াটল।
সাম্প্রতিক যুদ্ধের কারণে ইরানের অংশগ্রহণ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহদি তাজ গত মার্চের শুরুর দিকে বলেছিলেন, “এই হামলার পর বিশ্বকাপকে আশাবাদী চোখে দেখা কঠিন।” ইরান দলের প্রস্তুতি থমকে গিয়েছিল এবং তারা ফিফার কয়েকটি প্ল্যানিং মিটিংয়েও অনুপস্থিত ছিল।
এছাড়া ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ইরানি সমর্থকদের যুক্তরাষ্ট্রে প্রবেশও অনিশ্চিত ছিল। তবে ফিফা দৃঢ় অবস্থান নিয়েছে যে, টুর্নামেন্ট কোনোভাবেই স্থগিত বা পিছিয়ে দেওয়া হবে না। ফিফার বিশ্বকাপের চিফ অপারেটিং অফিসার হাইমো শিরগি বলেছেন, “আমরা পরিস্থিতি দিন দিন পর্যবেক্ষণ করছি। কোনো না কোনো সময় সমাধান হবে। বিশ্বকাপ খুব বড় একটা আয়োজন, এটা চলবেই। যারা যোগ্যতা অর্জন করেছে, তাদের সবাইকে অংশ নিতে দেওয়াই আমাদের লক্ষ্য।”
এসটি