স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০২৬, ০১:০১ পিএম
ইংল্যান্ড জাতীয় দল থেকে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন কাইল ওয়াকার। ৩৫ বছর বয়সী এই অভিজ্ঞ ডিফেন্ডার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন। আসন্ন বিশ্বকাপের মাত্র তিন মাস আগে এমন সিদ্ধান্ত নিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন তিনি।
বিদায়ী বার্তায় ওয়াকার বলেন, “এই সিদ্ধান্ত নিতে খারাপ লাগছে, কিন্তু ইংল্যান্ডের হয়ে যা অর্জন করেছি তাতে আমি খুব গর্বিত।” ১৪ বছরের লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ইংল্যান্ডের হয়ে ৯৬টি ম্যাচ খেলেছেন। পাঁচটি বড় টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করেছেন, যার মধ্যে ২০২০ ও ২০২৪ সালের ইউরো ফাইনাল এবং ২০১৮ বিশ্বকাপ সেমিফাইনাল অন্যতম।
ওয়াকার তার ক্যারিয়ারকে “একটা স্বপ্নের যাত্রা” বলে বর্ণনা করেন। তিনি বলেন, “পাঁচটি বড় টুর্নামেন্টে খেলা, ফাইনালে পৌঁছানো, এই দলের অংশ হওয়া; সবকিছুই আমার জন্য বিশাল সম্মানের। বিভিন্ন কোচ ও সতীর্থদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, সবার প্রতি কৃতজ্ঞ।” তিনি ফ্যাবিও ক্যাপেলো, রয় হজসন, গ্যারেথ সাউথগেট, লি কার্সলে এবং বর্তমান কোচ থমাস টুখেলের প্রতি বিশেষ ধন্যবাদ জানান।
সমর্থকদের উদ্দেশ্যে ওয়াকার বলেন, “বছরের পর বছর যে সমর্থন দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ছেলেদের পাশে থাকুন, তারা আপনাদের উৎসাহ চায় যাতে দেশের জন্য গর্বের কিছু করে আনতে পারে।”
২০১১ সালে ফ্যাবিও ক্যাপেলোর অধীনে স্পেনের বিপক্ষে ওয়েম্বলিতে অভিষেক হয় ওয়াকারের। বদলি হিসেবে নেমে পরের ম্যাচে সুইডেনের বিপক্ষে প্রথম একাদশে খেলে ম্যাচসেরা হন। তার শেষ ম্যাচ ছিল ২০২৫ সালের জুনে সেনেগালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ।
ক্লাব ক্যারিয়ারে ওয়াকার শেফিল্ড ইউনাইটেড, টটেনহ্যাম, অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার সিটি, এসি মিলান ও বর্তমানে বার্নলিতে খেলেছেন। ম্যান সিটিতে ৩১৯ ম্যাচ খেলে ১৭টি বড় ট্রফি জিতেছেন তিনি। ২০২৫ সালের শুরুতে সিটি ছাড়ার পর ধারে মিলানে যান, তারপর বার্নলিতে যোগ দেন।
এসটি