স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০২৬, ১২:৫৩ পিএম
আজ থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। এই তিন ম্যাচের সিরিজটি টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর ফলাফল সরাসরি প্রভাব ফেলবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনায়।
বর্তমানে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০ নম্বরে আছে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে। ঠিক ওপরে ৯ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ ৭৭ পয়েন্ট নিয়ে। আর ৮ নম্বরে ইংল্যান্ডের পয়েন্ট ৮৮। ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার জন্য টপ-৮-এ থাকতে হবে (হোস্ট দেশ ছাড়া), আর চূড়ান্ত র্যাঙ্কিং দেখা হবে ২০২৭ সালের ৩১ মার্চের।
এই সিরিজে পাকিস্তানের বিপক্ষে ভালো করলে বাংলাদেশের অবস্থান অনেকটা মজবুত হতে পারে। যদি টাইগাররা সিরিজ ২-১ ব্যবধানে জিতে যায়, তাহলে রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৭৯-এ। এতে ওয়েস্ট ইন্ডিজকে টপকে ৯ নম্বরে উঠে যাবে মিরাজের দল। আর যদি ৩-০ হোয়াইটওয়াশ করে ফেলে, তাহলে পয়েন্ট হবে ৮১; যা আরও বড় লাফ।
অন্যদিকে, সিরিজ হারলে অবস্থা খারাপ হতে পারে। ২-১ ব্যবধানে হারলে পয়েন্ট হবে ৭৭, কিন্তু ভগ্নাংশের কারণে ওয়েস্ট ইন্ডিজের পেছনেই থাকবে বাংলাদেশ। আর ৩-০ হারলে পয়েন্ট কমে ৭৪-এ নেমে যাবে, যা র্যাঙ্কিংয়ে বড় ধাক্কা।
পাকিস্তানের অবস্থা এখন ৪ নম্বরে, ১০৫ পয়েন্ট নিয়ে। তাদের ওপরে অস্ট্রেলিয়া ১০৯ পয়েন্টে। বাংলাদেশকে ৩-০ হারালে পাকিস্তানের পয়েন্ট বাড়বে ১, কিন্তু র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হবে না। ২-১ জিতলে পয়েন্ট কমে ১০৪-এ নামবে। আর হেরে গেলে (২-১ বা ৩-০) পয়েন্ট আরও কমবে (১০২ বা ১০০), তবে ৫ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার ৯৮ পয়েন্টের কারণে তারা ৪ নম্বরেই থাকবে।
এসটি