images

স্পোর্টস / ক্রিকেট

তিন আনকোরাকে দিয়ে ব্যাটিং শুরু করবে পাকিস্তান, জানালেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক

১০ মার্চ ২০২৬, ০৬:২৪ পিএম

বাংলাদেশ সফরে আসা পাকিস্তানের ১৫ সদস্যের দলে রয়েছে বেশ কয়েকজন নতুন মুখ। এই স্কোয়াডে ছয়জন ক্রিকেটার প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন, যাদের মধ্যে অন্তত তিনজনের প্রথম ওয়ানডেতে অভিষেক হতে পারে।

মঙ্গলবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নতুনদের মধ্য থেকে কয়েকজনকে প্রথম ম্যাচেই সুযোগ দেওয়া হতে পারে।

আফ্রিদির মতে, ‘সম্ভবত তিনজনের অভিষেক হবে সিরিজের প্রথম ম্যাচে। সাহিবজাদা ফারহান থাকবে। টি–টোয়েন্টি, ওয়ানডে ও লিস্ট ‘এ’ ক্রিকেটে সে ভালো করেছে। শামিল হুসেইন ওপেন করবে এবং মাজ সাদাকাত ওয়ান ডাউনে খেলবে। মোট তিনজন অভিষেক হতে পারে। আশা করি তারা নিজেদের খেলাটা খেলবে এবং দক্ষতা দেখাবে। আমরা সবাই তাদের দেখতে মুখিয়ে আছি। শুধু এই সিরিজের জন্য নয়, ভবিষ্যতের জন্যও তারা গুরুত্বপূর্ণ।’

পাকিস্তান দলটিতে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারের মিশ্রণ রয়েছে। স্কোয়াডের প্রায় এক-তৃতীয়াংশই নতুন খেলোয়াড়, ফলে তাদের কাছ থেকে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা থাকাটা স্বাভাবিক।

তবে চূড়ান্ত একাদশ এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন আফ্রিদি। তিনি বলেন, ‘অবশ্যই। এক ম্যাচে তো ১৫ জন খেলতে পারে না। ১১ জনই খেলবে, সেটা দলের প্রয়োজন ও উইকেটের অবস্থা দেখে ঠিক করা হবে। আজ আমাদের আরেকটি অনুশীলন সেশন আছে। এরপর আমরা চূড়ান্ত একাদশ ঠিক করব।’

এসটি