images

স্পোর্টস / ক্রিকেট

রেকর্ড শিরোপা ঘরে তুলে হার্দিক— ‘১০টি শিরোপা জিততে চাই’ 

স্পোর্টস ডেস্ক

০৯ মার্চ ২০২৬, ০২:২৬ এএম

ভারতীয় ক্রিকেট দল ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ করেছে। ঘরের মাঠে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করে তারা একই সঙ্গে টানা দুই আসরের শিরোপা নিজেদের করে নিয়েছে। এখন তারাই সর্বোচ্চ তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের মালিক।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোববার (৮ মার্চ ২০২৬) অনুষ্ঠিত ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এই কীর্তি গড়ে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রানের বিশাল স্কোর গড়ে তোলে। জবাবে কিউইরা ১৯ ওভারে মাত্র ১৫৯ রানে অলআউট হয়ে যায়।

এই জয়ের পেছনে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার আত্মবিশ্বাস ছিল অটুট। ম্যাচের আগের দিন থেকেই তিনি দলের সাফল্য নিয়ে নিশ্চিত ছিলেন। ম্যাচ শেষে আবেগপ্রবণ হার্দিক বলেন, “ঘরের মাঠে বিশ্বকাপ জয়টা খুবই ইমোশনাল। ভারতে এই টুর্নামেন্ট জেতা, দর্শকদের উত্তেজনা, রোমাঞ্চ সবকিছু অসাধারণ। এখন মনে হচ্ছে আমরা সহজেই জিতেছি, কিন্তু আমরা যে পরিশ্রম করেছি... গতকাল থেকেই আমি জানতাম, আমরা চ্যাম্পিয়ন হব।”

গত তিন বছরে হার্দিকের ঝুলিতে এটি তৃতীয় আইসিসি শিরোপা। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে পরাজিত করে ট্রফি ঘরে তোলা। এবার ২০২৬-এ টানা দ্বিতীয় বিশ্বকাপ।  

জয়ের পর হার্দিক তার ভবিষ্যৎ লক্ষ্যের কথা জানান। তিনি বলেন, “আমার সামনে আরও অন্তত ১০ বছর ক্রিকেট খেলার আছে। ক্যারিয়ারের অর্ধেক শেষ, বাকি অর্ধেক। আমি আইসিসি ও আইপিএল মিলিয়ে কমপক্ষে ১০টি শিরোপা জিততে চাই। আইসিসি ট্রফির গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি।”

তিনি আরও যোগ করেন, “ইতিমধ্যে ৩টি ট্রফি জিতেছি। সামনের যেকোনো টুর্নামেন্টেই জিততে চাই। আমার বিশ্বাস, পরের ১০ বছরে আরও ৫-৬টি বড় শিরোপা আসবে। এটাই আমার লক্ষ্য।”

এসটি