স্পোর্টস ডেস্ক
০৮ মার্চ ২০২৬, ০৯:৪৯ পিএম
বাংলাদেশ ক্রিকেট দল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। ঘরের মাঠে এই সিরিজ শুরু হবে ১১ মার্চ থেকে, আর তার আগেই পাকিস্তান দলের অলরাউন্ডার সালমান আলী আগা রোববার ভোররাতে ঢাকায় পৌঁছে গেছেন। পুরো পাকিস্তান দলও শিগগিরই অনুশীলন শুরু করবে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।
সিরিজের আগে রবিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ (৩-০) করাই লক্ষ্য। আশরাফুল বলেন, “যতগুলো সিরিজ আমরা দেশে খেলব, চেষ্টা করব সবগুলোতেই জয় তুলে নিতে। এওয়ে ট্যুরে কন্ডিশন কঠিন হয়, তাই ঘরের মাঠে সর্বোচ্চ সুবিধা নিয়ে বড় ব্যবধানে জিততে চাই। ৩-০ জয় হলে আমাদের জন্য অনেক লাভ।”
দীর্ঘদিন ধরে বাংলাদেশ টি-টোয়েন্টি ও টেস্ট ফরম্যাটেই ব্যস্ত ছিল। ওয়ানডেতে খেলার সুযোগ খুব কম মিলেছে। সিরিজের আগে বিসিএলের চার ম্যাচ আর গত ৭ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলে নাজমুল হোসেন শান্তরা কিছুটা ছন্দ ফিরিয়ে এনেছেন। আশরাফুল যোগ করেন, “অনেকদিন পর ওয়ানডে খেলছি। বিসিএল আর প্র্যাকটিস ম্যাচগুলো খুব কাজে লাগবে। আমরা তিন বিভাগেই সেরাটা দিতে চাই।”
একসময় ওয়ানডে ছিল বাংলাদেশের শক্ত ফরম্যাট ২০১৭-১৮ সালে ইংল্যান্ডকে হারানোর মতো স্মৃতি রয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ফলাফল খারাপ। শেষ ১৫ ম্যাচে মাত্র ৩ জয়। আশরাফুল স্বীকার করেন, “শেষ ১০ ম্যাচে ৭ বারই আমরা ৫০ ওভার ব্যাটিং করতে পারিনি। টেস্ট ও টি-টোয়েন্টিতে প্লেয়াররা দারুণ করেছে, কিন্তু ওয়ানডেতে এখনো সেট হতে পারছি না।”
পাকিস্তানের বিপক্ষে ইতিহাস বলছে, ৩৯ ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে মাত্র ৫টি। সর্বশেষ ৫ ম্যাচে জয় মাত্র একটি। তবু আশরাফুলের চাওয়া স্পষ্ট—যেকোনো মূল্যে বড় জয়। এই সিরিজ শুধু জয়ের জন্য নয়, ২০২৭ বিশ্বকাপের স্বপ্নকে আরও শক্তিশালী করার প্রথম ধাপ।
শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের ম্যাচগুলো হবে ১১, ১৩ ও ১৫ মার্চ সবই দিন-রাতের।