স্পোর্টস ডেস্ক
০৮ মার্চ ২০২৬, ০৯:২৪ পিএম
ভারতের ব্যাটিং তাণ্ডবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ইতিহাস নতুন করে লেখা হলো। নিউজিল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়নরা ৫ উইকেট হারিয়ে ২৫৫ রানের বিশাল স্কোর গড়ে তুলেছে। এটি ফাইনালে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ, গতবারের ১৭৬ রানের রেকর্ডকে অনেক পিছনে ফেলে দিয়ে ভারত নিজেরাই নতুন মানদণ্ড স্থাপন করলো। নিউজিল্যান্ডের সামনে এখন ২৫৬ রানের বিশাল লক্ষ্য, যা তাড়া করা মানে ইতিহাস গড়া।
রোববার সন্ধ্যায় টস জিতে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার ভারতকে ব্যাটিংয়ে নামানোর সিদ্ধান্ত নেন। কিন্তু এই সিদ্ধান্ত পরে তাদের জন্যই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। ভারতের ওপেনার অভিষেক শর্মা ঝড় তুলে শুরু করেন, মাত্র ১৮ বলে ফিফটি করে নকআউট ম্যাচে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন। পাওয়ারপ্লেতে ৬ ওভারে বিনা উইকেটে ৯২ রান, ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ।
অভিষেক ২১ বলে ৫২ করে আউট হলেও থামেনি আক্রমণ। সঞ্জু স্যামসন ফর্মে ফিরে কিউই বোলারদের একেবারে তছনছ করে দেন। ইশান কিষানের সঙ্গে জুটিতে মাত্র ১৫ ওভারেই দলীয় রান দুইশ ছাড়িয়ে যায়। স্যামসন ৪৬ বলে ৮৯ রান (৫ চার, ৮ ছক্কা) করে থামেন। টানা তিন ম্যাচে সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়েও শেষ হয়নি। তারপর ৬ বলের ব্যবধানে আরও দুই উইকেট পড়ে স্কোর দাঁড়ায় ২০৪ রানে ৪ উইকেট।
জিমি নিশামের তোপে ইশান কিষান ২৫ বলে ৫৪ এবং অধিনায়ক সূর্যকুমার যাদব গোল্ডেন ডাক মেরে ফিরলে চাপ বাড়ে। হার্দিক পান্ডিয়াও ১৩ বলে ১৮ করে সাজঘরে। ১৯ ওভার শেষে ভারতের দাড়ায় ২৩১ রানে ৫ উইকেট।
কিন্তু শেষ ওভারে নিশামের বলে শিভম দুবে ক্যাচ ছেড়ে দেন স্যান্টনার। জীবন পেয়ে দুবে সেই ওভারেই ৩ চার ও ২ ছক্কায় ২৪ রান তুলে নেন। শেষ পর্যন্ত দুবে ২৬ রানে অপরাজিত এবং তিলক ভার্মা ৪ রানে অপরাজিত থেকে ভারত ৫ উইকেট হারিয়ে থামে ২৫৫ রানে। যা বিশ্বকাপের ফাইনালের সর্বোচ্চ স্কোর।
নিউজিল্যান্ডের হয়ে জিমি নিশাম ৩ উইকেট নেন। একটি করে উইকেট ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্রের।