স্পোর্টস ডেস্ক
০৮ মার্চ ২০২৬, ০৭:৫৭ পিএম
নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের পেসার ব্রেট র্যান্ডেল প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৪ বছরের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে টানা পাঁচ বলে পাঁচ উইকেট তুলে নিয়েছেন। এই অসাধারণ কীর্তি গড়েছেন প্লাঙ্কেট শিল্ড টুর্নামেন্টের ষষ্ঠ রাউন্ডে নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিপক্ষে।
নেপিয়ারের ম্যাকলিন পার্কে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় দিনে র্যান্ডেলের জাদুকরী বোলিংয়ে নর্দার্ন ডিস্ট্রিক্টসের ব্যাটিং লাইনআপ ধসে পড়ে। প্রথম ইনিংসে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ৩৭৩ রান সংগ্রহ করে, যেখানে উইকেটকিপার-ব্যাটার ডেন ক্লিভার একটি দুর্দান্ত সেঞ্চুরি করেন।
জবাবে ব্যাট করতে নেমে নর্দার্ন ডিস্ট্রিক্টস মাত্র ৮২ রানেই অলআউট হয়ে যায়। র্যান্ডেলের দুরন্ত স্পেলে তিনি মাত্র ২৫ রান খরচ করে ৭ উইকেট নেন (৭/২৫)। এর মধ্যে তার টানা পাঁচ বলে পাঁচ উইকেটের ঘটনাটি ঘটে তার দ্বিতীয় ওভারের শেষ বল থেকে শুরু করে পরের ওভারের প্রথম চার বলে। এই ধ্বংসযজ্ঞে তার শিকারের তালিকায় ছিলেন সাবেক নিউজিল্যান্ড ওপেনার জিত রাভাল এবং বর্তমান কিউই পেসার ক্রিস্টিয়ান ক্লার্কসহ একাধিক ব্যাটার।
পরবর্তীতে অষ্টম বলে ষষ্ঠ এবং দ্বাদশ বলে সপ্তম উইকেট তুলে নেন র্যান্ডেল। এই ৭ উইকেট সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের ইতিহাসে দ্বিতীয় সেরা বোলিং ফিগার, শুধু ১৯৬৬ সালে ব্রায়ান ইউলর ৯/১০০-এর পরেই।
ম্যাচে ফলো-অন করতে নেমে নর্দার্ন ডিস্ট্রিক্টস দ্বিতীয় ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। দ্বিতীয় দিন শেষে তারা ৫ উইকেটে ১৬২ রান তুলেছে, তবে এখনও ১২৯ রানে পিছিয়ে। অবাক করা বিষয়, এই ইনিংসে র্যান্ডেল কোনো উইকেট পাননি।
এই ঐতিহাসিক মুহূর্ত নিয়ে র্যান্ডেল বলেন, “আমি এখনও বিশ্বাস করতে পারছি না। এটা যেন স্বপ্নের মতো। আমি শুধু একই জায়গায় সঠিক লাইন-লেংথে বল করার চেষ্টা করেছি এবং দলের পরিকল্পনা মেনে চলেছি। শুরুতে বুঝতেই পারিনি যে এর আগে কেউ এমনটা করেনি।”
৩০ বছর বয়সী এই পেসারের ক্যারিয়ারে এটাই সেরা বোলিং পারফরম্যান্স।
এসটি