images

স্পোর্টস / ফুটবল

নেইমারের নামে মামলা

স্পোর্টস ডেস্ক

০৮ মার্চ ২০২৬, ০২:৫১ পিএম

ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের বিরুদ্ধে শ্রম আইন ভঙ্গের অভিযোগ এনে মামলা করেছেন তার সাবেক এক ব্যক্তিগত রাঁধুনি। তিনি দাবি করেছেন, রিও ডি জেনেইরোর মাঙ্গারাতিবার বিলাসবহুল বাড়িতে কাজ করার সময় তাকে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় কাজ করতে বাধ্য করা হয়েছিল, যার ফলে তার শারীরিক সমস্যা দেখা দেয়।

ব্রাজিলের শ্রম আদালতে দায়ের করা মামলায় ওই নারী বলেন, অনেক দিন তাকে প্রায় ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হয়েছে। অতিরিক্ত কাজের চাপের কারণে তার পিঠে তীব্র ব্যথা এবং নিতম্বে প্রদাহের মতো সমস্যা তৈরি হয়েছে।

ক্ষতিপূরণ হিসেবে তিনি প্রায় ৩৭ হাজার পাউন্ড বা প্রায় ২ লাখ ৬২ হাজার ব্রাজিলিয়ান রিয়াল দাবি করেছেন। এই অর্থের মধ্যে রয়েছে বকেয়া বেতন, অতিরিক্ত কাজের ভাতা, চিকিৎসা খরচ এবং মানসিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই নারী একটি তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানের মাধ্যমে ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নেইমারের বাসভবনে কাজ করেন। তার কর্মস্থল ছিল নেইমারের প্রধান বাড়ি ‘কাসা হোটেল পোর্তোবেলো’ এবং পাশের কন্ডোমিনিও পোর্তোবেলো কমপ্লেক্স।

চুক্তি অনুযায়ী সপ্তাহে চার দিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা এবং শুক্রবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজ করার কথা ছিল। তবে অভিযোগে বলা হয়েছে, বাস্তবে তাকে প্রায়ই ১৪ ঘণ্টার বেশি সময় কাজ করতে হয়েছে এবং অনেক সময় কাজ চলেছে মধ্যরাত পর্যন্ত।

তার দায়িত্বের মধ্যে ছিল বড় পরিমাণ মাংস বহন করা, ভারী বাজারের জিনিসপত্র ওঠানামা করানো, ফ্রিজের তদারকি করা এবং একসঙ্গে প্রায় ১৫০ জন অতিথির জন্য খাবার প্রস্তুত করা। এছাড়া সপ্তাহান্তে, বিশেষ করে রোববারেও তাকে কাজ করতে বাধ্য করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলায় আরও বলা হয়েছে, দীর্ঘ সময় কাজ করার পরও তিনি নিয়মিত মধ্যাহ্ন বিরতি পাননি। অথচ ব্রাজিলের শ্রম আইনে ছয় ঘণ্টার বেশি কাজ করলে অন্তত এক ঘণ্টা বিরতি দেওয়ার নিয়ম রয়েছে।

নথিপত্র অনুযায়ী, তার মাসিক বেতন ছিল প্রায় ৪ হাজার ব্রাজিলিয়ান রিয়াল (প্রায় ৫৬৬ পাউন্ড)। অতিরিক্ত সময় কাজ ও বিভিন্ন বোনাস যোগ হলে তার আয় প্রায় ৭ হাজার ৫০০ রিয়াল পর্যন্ত পৌঁছাত।

তবে এ বিষয়ে এখনো নেইমার বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মামলাটি বর্তমানে ব্রাজিলের শ্রম আদালতে বিচারাধীন রয়েছে।

বর্তমানে নেইমার ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে খেলছেন এবং তিনি ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। বিশ্বের অন্যতম ধনী ফুটবলার হিসেবে পরিচিত এই তারকার মাঙ্গারাতিবায় দুটি বিলাসবহুল বাড়ি রয়েছে। এর একটি প্রায় ৫ হাজার বর্গমিটার জায়গাজুড়ে নির্মিত, যেখানে ছয়টি সুইট, সুইমিং পুল, বিনোদন এলাকা এবং অতিথিদের জন্য আরও ১০টি কক্ষ রয়েছে।

উল্লেখ্য, এর আগে অননুমোদিত নির্মাণকাজের কারণে পরিবেশগত জরিমানার ঘটনায় নেইমারের এই সম্পত্তিগুলোও সংবাদমাধ্যমে আলোচনায় এসেছিল।

এসটি