images

স্পোর্টস / ক্রিকেট

টানা ৫ বলে ৫ উইকেট নেওয়ার বিরল কীর্তি নিউজিল্যান্ড পেসারের

স্পোর্টস ডেস্ক

০৮ মার্চ ২০২৬, ০১:৪৮ পিএম

নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে এক ঐতিহাসিক কীর্তি গড়েছেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বোলার ব্রেট র‍্যান্ডেল। প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৪ বছরের ইতিহাসে প্রথমবারের মতো টানা পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার বিরল রেকর্ড গড়েছেন তিনি।

ন্যাপিয়ারের ম্যাকলিন পার্কে প্লাঙ্কেট শিল্ডের চার দিনের ম্যাচে নর্দার্ন ডিস্ট্রিক্টসের বিপক্ষে দ্বিতীয় দিনে এই কীর্তি গড়েন ৩০ বছর বয়সী এই ডানহাতি পেসার। ক্রিকেট পরিসংখ্যানবিদদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ক্রিকেট স্ট্যাটিস্টিশিয়ানস অ্যান্ড হিস্টোরিয়ানসের তথ্য অনুযায়ী, ১৭৭২ সালে প্রথম নথিভুক্ত প্রথম শ্রেণির ম্যাচ শুরু হওয়ার পর থেকে এত দীর্ঘ সময়ে এমন ঘটনা আগে কখনও ঘটেনি।

র‍্যান্ডেলের এই স্পেল নর্দার্ন ডিস্ট্রিক্টসের টপ অর্ডারকে কার্যত ধ্বংস করে দেয়। নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে হেনরি কুপারকে বোল্ড করে তিনি শুরুটা করেন। এরপর তৃতীয় ওভারের প্রথম বলেই আউট করেন আরেক ওপেনার ও নিউজিল্যান্ডের সাবেক টেস্ট ব্যাটার জিত রাভালকে।

পরের তিন বলেও তিনটি উইকেট পড়ে, যার মধ্যে শেষটি ছিল রেকর্ড গড়া ডেলিভারি। ওই বলে আন্তর্জাতিক অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক বোল্ড হন। পরের ওভারেও আরও দুটি উইকেট নেন র‍্যান্ডেল। তার দাপুটে বোলিংয়ে নর্দার্ন ডিস্ট্রিক্টস ৩৭৩ রানের জবাবে মাত্র ৮২ রানে অলআউট হয়ে যায়।

ম্যাচে র‍্যান্ডেলের বোলিং ফিগার ছিল ৭ উইকেটে ২৫ রান, যা তার নয় বছরের প্রথম শ্রেণির ক্যারিয়ারে সেরা পারফরম্যান্স। এখন পর্যন্ত তিনি ৩৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। উল্লেখ্য, গত বছর আয়ারল্যান্ডের ক্রিকেটার কার্টিস ক্যাম্ফার একটি ঘরোয়া টি–টোয়েন্টি ম্যাচে টানা পাঁচ বলে পাঁচ উইকেট নিয়ে পেশাদার ক্রিকেটে একই ধরনের কীর্তি গড়েছিলেন।