images

স্পোর্টস / ক্রিকেট

আপনি ‘দাদা’কে ধন্যবাদ দিন— তীর্যক জবাব আমিরের

স্পোর্টস ডেস্ক

০৭ মার্চ ২০২৬, ১২:৫৬ পিএম

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে সাবেক পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ও ভারতের সাবেক ব্যাটার মোহাম্মদ কাইফের মধ্যে কথার লড়াই আরও তীব্র হয়েছে। সামাজিক মাধ্যমে দুজন একে অপরকে কড়া ভাষায় আক্রমণ করছেন।

ঘটনার শুরু হয় যখন কাইফ মন্তব্য করেন, শুধু খবরের শিরোনামে থাকার জন্যই আমির ভারতীয় দল নিয়ে বারবার কথা বলেন । এই মন্তব্যে অসন্তুষ্ট হয়ে নিজের ইউটিউব চ্যানেলে কাইফকে পাল্টা জবাব দেন আমির। সাবেক ভারতীয় ক্রিকেটারকে জবাব দিতে গিয়ে আমির বলেছেন, দলে কাইফের কাজ ছিল শুধুই ফিল্ডিং করা। 

তিনি বলেন, “আমি জানি না তার (কাইফের) ক্রিকেট ক্যারিয়ার কতটা বড়। আমি তার পরিসংখ্যান দেখেছি- আইপিএলে সে মাত্র ২৯টি ম্যাচ খেলেছে এবং তার স্ট্রাইক রেট প্রায় ১০৩। সে বলেছে আমি ভারতের কথা বলি মনোযোগ পাওয়ার জন্য। কিন্তু ভারতের কথা বলে আমার মনোযোগ পাওয়ার দরকার নেই। আমি ৩৫০টি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছি, আমার পরিসংখ্যান দেখে নিতে পারেন।”

এ সময় কাইফের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও কটাক্ষ করেন আমির। তিনি বলেন, কাইফকে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির কাছে কৃতজ্ঞ থাকা উচিত, কারণ তার সুযোগ পাওয়ার পেছনে গাঙ্গুলির ভূমিকা ছিল। আমির আরও বলেন, “আমি শুধু ফিল্ডিং করে ক্রিকেট খেলিনি, পারফরম্যান্স দিয়েই খেলেছি। আপনি ‘দাদা’কে ধন্যবাদ দিন। শুনেছি আপনি মূলত ফিল্ডিংয়ের জন্যই দলে ছিলেন। আপনি একজন ক্রিকেটার, এমন মন্তব্য আপনার মানায় না।”

এই বিতর্কের শুরু মূলত ভারতের ওপেনার অভিষেক শর্মার ব্যাটিং স্টাইল নিয়ে আমিরের করা সমালোচনার পর থেকে। তিনি অভিষেককে “স্লগার” বলে মন্তব্য করেন। এর জবাবে কাইফ আমিরকে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের কথা মনে করিয়ে দেন, যেখানে যুক্তরাষ্ট্রের কাছে হেরে পাকিস্তান টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।

কাইফ বলেন, “২০২৪ সালে যুক্তরাষ্ট্রের কাছে যে হার হয়েছিল, সেই ম্যাচে দায়িত্ব ছিল একই বোলারের ওপর। সে ওভারে মাত্র একটি বাউন্ডারি দিলেও অনেক ওয়াইড বল করেছিল। তার বল স্টাম্পেই পড়ছিল না। সেই যুক্তরাষ্ট্র দলের বিপক্ষে কে ভয় পেয়ে ম্যাচ হারিয়েছিল- আমি আর কিছু বলব না।” কাইফ আরও বলেন, পাকিস্তান ক্রিকেট বর্তমানে অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তার মতে, দলে ভালো খেলোয়াড়, শক্ত অধিনায়ক বা ধারাবাহিক বোলিং ইউনিটের অভাব রয়েছে।

তিনি বলেন, “আমরা কেন তার কথায় গুরুত্ব দেব? তাদের দেশে ক্রিকেট অনেক পিছিয়ে আছে। ভালো খেলোয়াড় নেই, শক্ত অধিনায়ক নেই, শক্ত বোলারও নেই। তাদের কথা নিয়ে বেশি ভাবলে আমরা তাদেরই গুরুত্ব দিচ্ছি- যেটা তারা চায়।”