images

স্পোর্টস / ক্রিকেট

অপয়া স্মৃতি এড়াতে ফাইনালের আগে হোটেল ও ড্রেসিংরুম বদল ভারতের

স্পোর্টস ডেস্ক

০৬ মার্চ ২০২৬, ০৮:৩৬ পিএম

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল। শিরোপা নির্ধারণী এই ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে নিজেদের প্রস্তুতিতে কিছু পরিবর্তন এনেছে ভারতীয় দল।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের পারফরম্যান্স বেশ ভালো। এই ভেন্যুতে এখন পর্যন্ত খেলা ১০টি টি–টোয়েন্টি ম্যাচের মধ্যে সাতটিতেই জয় পেয়েছে দলটি। তবুও কোনো ঝুঁকি নিতে চাইছে না ম্যানেজমেন্ট।

কারণ, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে একই মাঠে অস্ট্রেলিয়ার কাছে হারের স্মৃতি এখনও ভারতীয় দল ও সমর্থকদের মনে তাজা। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতেই এবার কিছু ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফাইনাল ম্যাচের আগে দলটি তাদের হোটেল ও ড্রেসিংরুম বদলানোর সিদ্ধান্ত নিয়েছে। ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালের সময় ভারতীয় দল আইটিসি নারমাদা হোটেলে ছিল। তবে এবার সেই হোটেলে না থেকে অন্য জায়গায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন খেলোয়াড়রা।

এবার ভারতীয় দল উঠবে তাজ স্কাইলাইন হোটেলে। এছাড়া ম্যাচের দিন তারা নিজেদের স্বাভাবিক ড্রেসিংরুম ব্যবহার না করে ভিজিটর দলের ড্রেসিংরুম ব্যবহার করতে পারে বলেও জানা গেছে।

এ বিষয়ে অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক বিমল কুমার জানান, দলের ভেতরে কিছুটা কুসংস্কার বা মানসিক প্রস্তুতির বিষয়ও কাজ করছে। তার ভাষ্য, আহমেদাবাদকে অনেকেই ভারতের জন্য দুর্ভাগ্যের মাঠ মনে করছেন। এমনকি সম্প্রতি মুম্বাইয়ে চন্দ্রগ্রহণের সময়ও ভারতীয় দল অনুশীলনের সময়সূচি পরিবর্তন করেছিল।

তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আগেই প্রথম ফাইনালিস্ট দলের জন্য আইটিসি নারমাদা হোটেল নির্ধারণ করে রেখেছিল। পরে সেই দল হিসেবে নিউজিল্যান্ড নিশ্চিত হওয়ায় ভারত সেখানে থাকতে পারেনি। ফলে তাজ স্কাইলাইনে ওঠার বিষয়টি কাকতালীয় বলেই ধরা হচ্ছে।

এসটি