স্পোর্টস ডেস্ক
০৬ মার্চ ২০২৬, ০২:২৫ পিএম
মেজর লিগ সকারে প্রথমবারের মতো শিরোপা জয়ের উদযাপনে হোয়াইট হাউসে সংবর্ধনা পেয়েছে ইন্টার মায়ামি। বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশেষ উপহার দেন দলের অধিনায়ক লিওনেল মেসি।
হোয়াইট হাউসের ইস্ট রুমে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে মেসি তাকে মায়ামির স্বাক্ষর গোলাপি রঙের একটি ফুটবল উপহার দেন। ক্লাবের সহ-মালিক জর্জ মাস ও প্রধান কোচ হাভিয়ের মাসচেরানো প্রেসিডেন্টকে ইন্টার মায়ামির জার্সি ও একটি ঘড়িও উপহার দেন।
মেসির জন্য এটি ছিল হোয়াইট হাউসে প্রথম সফর। তিনি ২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দেন। এর আগে গত বছরের নভেম্বরে মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোও হোয়াইট হাউসে এক নৈশভোজ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আমরা আজ সত্যিকারের প্রতিভাবান মানুষদের সম্মান জানাতে এখানে এসেছি। একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এর আগে কখনও বলার সুযোগ হয়নি, হোয়াইট হাউসে স্বাগতম, লিওনেল মেসি।”
তিনি আরও বলেন, ‘আমার ছেলে ব্যারন ট্রাম্প আমাকে বলল, “বাবা, আজ এখানে কে আসছে জানো?” আমি বললাম, “না, আমার তো অনেক কাজ চলছে।” সে বলল, “মেসি!” সে তোমার (মেসি) বড় ভক্ত। সে মনে করে তুমি দারুণ একজন মানুষ। আর একজন ভদ্রলোক আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো অসাধারণ, তুমিও অসাধারণ। তোমরা দুজনই মহান চ্যাম্পিয়ন. নিজ নিজ খেলায় দুর্দান্ত ক্রীড়াবিদ।’

২০২৫ সালের ৬ ডিসেম্বর ফোর্ট লডারডেলে ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩–১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতে ইন্টার মায়ামি। টানা দ্বিতীয়বারের মতো লিগের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (এমভিপি) নির্বাচিত হন মেসি।
ট্রাম্প মেসিকে উদ্দেশ করে বলেন, “লিও, তুমি এখানে এসে জিতেছো, যা করা খুব কঠিন। তোমার ওপর অন্যদের তুলনায় অনেক বেশি চাপ থাকে, কারণ সবাই ধরে নেয় তুমি জিতবেই। কিন্তু বাস্তবে খুব কম মানুষই জেতে।” পেলের সঙ্গে তুলনা করে মেসিকে নিয়ে ট্রাম্প বলেন, ‘আমার বোধ হয় এটা বলা উচিত নয়, কারণ আমি এখন বুড়ো হয়ে গেছি। কিন্তু আমি পেলেকে খেলতে দেখেছি। জানি না, তুমি হয়তো পেলের চেয়েও ভালো। অবশ্য পেলে নিজেও অসাধারণ ছিলেন।’
অনুষ্ঠানে মায়ামির তারকা খেলোয়াড় লুইস সুয়ারেজ, তাদেও আয়েন্দে ও রদ্রিগো দে পলও উপস্থিত ছিলেন। এছাড়া এমএলএস কমিশনার ডন গারবার, সাবেক বেসবল তারকা অ্যালেক্স রদ্রিগেজ এবং ট্রাম্প প্রশাসনের কয়েকজন মন্ত্রীও অনুষ্ঠানে যোগ দেন।