images

স্পোর্টস / ক্রিকেট

নতুন টিম ম্যানেজার নিয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

০৬ মার্চ ২০২৬, ১২:৪৭ পিএম

বাংলাদেশ সফরে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে পাকিস্তান দলের ম্যানেজার পদে পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জাতীয় পুরুষ দলের ম্যানেজারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে নাভিদ আকরাম চিমাকে।

এর আগে একাধিকবার পাকিস্তান দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন চিমা। সর্বশেষ ২০২৫ সালের এশিয়া কাপেও তিনি দলের সঙ্গে ছিলেন। সেই টুর্নামেন্টে ভারতের খেলোয়াড়দের পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

বাংলাদেশ সফরে চিমা দলের সঙ্গে যাচ্ছেন না। তার জায়গায় ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়েছে ইর্তাজা কুমাইলকে। তিনি অষ্টাদশ গ্রেডের একজন পুলিশ কর্মকর্তা এবং দুই বছর আগে ক্রিকেট বোর্ডে যোগ দেওয়ার পর জাতীয় দলের নিরাপত্তা ব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন।

কুমাইল ম্যানেজার হওয়ার পর পাকিস্তান দলের সঙ্গে প্রথমবারের মতো নিরাপত্তা কর্মকর্তা হিসেবে থাকবেন সালমান লিয়াকত। পিসিবি আরও জানিয়েছে, দলের বিদেশি কোচিং স্টাফ সরাসরি ঢাকায় গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। পাকিস্তান দল ৮ মার্চ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ সফরের আগে খেলোয়াড়রা নিজেদের প্রস্তুত করতে দুই দিনের একটি অনুশীলন ক্যাম্পেও অংশ নেবেন। গত বছরের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার পর এটিই পাকিস্তানের প্রথম ওয়ানডে সিরিজ হতে যাচ্ছে।

পাকিস্তানের ১৫ সদস্যের ওয়ানডে দল:
শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা ও শামিল হুসেইন।

সিরিজ সূচি:
৮ মার্চ: ঢাকায় পাকিস্তান দলের আগমন
১০ মার্চ: অনুশীলন সেশন
১১ মার্চ: প্রথম ওয়ানডে – শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা
১৩ মার্চ: দ্বিতীয় ওয়ানডে – শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা
১৫ মার্চ: তৃতীয় ওয়ানডে – শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা