images

স্পোর্টস / ক্রিকেট

স্যামসনের মতে ম্যাচসেরার পুরস্কার প্রজন্মের সেরা এই বোলারের প্রাপ্য

স্পোর্টস ডেস্ক

০৬ মার্চ ২০২৬, ১১:৩৯ এএম

ইংল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দুর্দান্ত জয়ের পর ম্যাচসেরার পুরস্কার পেলেও সেটি নিজের প্রাপ্য মনে করেননি সঞ্জু স্যামসন। বরং ভারতের পেসার জাসপ্রিত বুমরাহর অসাধারণ বোলিংয়ের প্রশংসা করে পুরস্কারটি তারই প্রাপ্য বলে মন্তব্য করেছেন এই উইকেটকিপার–ব্যাটার।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ছিল রানবন্যা। ব্যাটিং সহায়ক উইকেটে প্রায় সব বোলারই মার খেয়েছেন। তবে ব্যতিক্রম ছিলেন বুমরাহ। চার ওভারে মাত্র ৩৩ রান দিয়ে একটি উইকেট নিয়ে ম্যাচের শেষ দিকে ইংল্যান্ডের রান তাড়াকে কঠিন করে দেন তিনি।

ভারতের ২৫৩ রানের বিশাল সংগ্রহ গড়ার ভিত্তি গড়ে দেন স্যামসন। ৪২ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তবে ম্যাচ শেষে পুরস্কার নিতে এসে নিজের কৃতিত্বের চেয়ে বুমরাহর অবদানকেই বড় করে দেখেন। স্যামসন বলেন, “সব কৃতিত্ব বুমরাহর। আমার মতে সে বিশ্বমানের বোলার, প্রজন্মে একবার জন্ম নেয় এমন খেলোয়াড়। আজ সে সেটাই দেখিয়েছে। আসলে এই পুরস্কারটা তারই পাওয়া উচিত।”

তিনি আরও বলেন, “শেষ ওভারগুলোতে আমরা যেভাবে বোলিং করেছি, সেটা না হলে আমি হয়তো এখানে দাঁড়িয়ে থাকতাম না। কঠিন পরিস্থিতিতেও বোলাররা নিজেদের ওপর বিশ্বাস রেখেছে- তাদেরই সব কৃতিত্ব।” এর আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের ম্যাচেও বড় ইনিংস খেলেছিলেন স্যামসন। সেমিফাইনালেও সেই ফর্ম ধরে রাখায় তিনি দারুণ খুশি।

তিনি বলেন, “এখানে খেলতে পারাটা অবিশ্বাস্য অনুভূতি। আগের ম্যাচ থেকে আমার ফর্ম ছিল, তাই সেটাকে কাজে লাগাতে চেয়েছি। গুরুত্বপূর্ণ ম্যাচে ফর্ম পাওয়া সহজ নয়, তাই বড় মঞ্চে সেটার পুরোটা কাজে লাগানোর চেষ্টা করেছি।” ওয়াংখেড়েতে যে কোনো লক্ষ্য তাড়া করা সম্ভব, এটা মাথায় রেখেই বড় সংগ্রহ গড়ার লক্ষ্য ছিল ভারতের।

স্যামসন বলেন, “আমি আমার ইনিংসটা একটু হিসাব করে খেলেছি। ভালো প্রস্তুতি নিয়েছিলাম এবং সবকিছু ঠিকঠাক হয়েছে। শুরুতে একটু ভাগ্য সহায় ছিল, এরপর ইনিংসটা এগিয়ে নিতে চেয়েছি। ওয়াংখেড়েতে আমরা জানি কোনো রানই নিরাপদ নয়, তাই যতটা সম্ভব বেশি রান করার চেষ্টা করেছি।” তিনি আরও যোগ করেন, “এমনকি ২৫০ রানও এখানে তাড়া করা সম্ভব মনে হচ্ছিল। ইংল্যান্ডও খুব ভালো ব্যাটিং করেছে। তাদের কৃতিত্ব দিতেই হবে। সত্যিই দারুণ একটি সেমিফাইনাল হয়েছে।”

শেষ পর্যন্ত ইংল্যান্ড ৭ উইকেটে ২৪৬ রান করে থামে, ফলে ৭ রানের রোমাঞ্চকর জয়ে ফাইনালে ওঠে ভারত। শতক মিস করায় কোনো আক্ষেপ নেই বলেও জানিয়েছেন স্যামসন। তিনি বলেন, “একদমই না। টি–টোয়েন্টিতে শতক নিয়ে আলাদা করে ভাবার সুযোগ নেই। এখানে একবার শুরু পেলে আপনাকে আক্রমণাত্মক খেলতেই হবে। শেষ পর্যন্ত কত রান হলো সেটা গুরুত্বপূর্ণ নয়, দলের জয়ে অবদান রাখতে পারাটাই আসল।”

আগামী রোববার আহমেদাবাদে ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত।