স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০২৬, ০৮:৪২ পিএম
মিথ্যা অভিযোগ ও ভিত্তিহীন খবর প্রচারের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কা সফরের সময় পাকিস্তানের এক পেসারের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ নিয়ে স্থানীয় একটি টিভি চ্যানেলের প্রচারিত প্রতিবেদনের পর বিষয়টি নিয়ে তদন্ত করে বোর্ড।
প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ওই ক্রিকেটার হোটেলের এক কর্মীর সঙ্গে অনুপযুক্ত আচরণ করেছেন এবং এ বিষয়ে টিম ম্যানেজমেন্টের কাছে আনুষ্ঠানিক অভিযোগও করা হয়েছে। আরও বলা হয়, ঘটনার পরপরই বিষয়টি খতিয়ে দেখতে দলীয় ব্যবস্থাপনা পদক্ষেপ নেয়। তবে হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য পর্যালোচনা এবং প্রাথমিক তদন্ত শেষে টিম ম্যানেজমেন্ট জানায়, ক্রিকেটার আচরণবিধি লঙ্ঘন করেছেন। এজন্য তাকে জরিমানাও করা হয়েছে।
এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, যাচাই না করা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা অত্যন্ত দুঃখজনক এবং দায়িত্বজ্ঞানহীন। বোর্ড মনে করে, এ ধরনের সংবাদ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। বোর্ড আরও জানায়, মিথ্যা খবর ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার তারা সংরক্ষণ করে।
এদিকে চলতি টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। ২০ দলের এই আসর থেকে গত সপ্তাহেই বিদায় নেয় তারা। সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও সেটিই ছিল পূর্ণ সদস্য দেশের বিপক্ষে তাদের একমাত্র জয়। এর আগে ভারত ও ইংল্যান্ডের কাছে হারে পাকিস্তান, আর নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি কলম্বোয় টানা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
ফলে টানা দ্বিতীয় টি–টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলো পাকিস্তান। সর্বশেষ ২০২২ সালে তারা ফাইনালে উঠেছিল এবং রানার্সআপ হয়েছিল।