স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০২৬, ০৭:২৪ পিএম
গত ছয়দিন ধরে ইরানে ক্রমাগত হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। একের পর ইরানের বিভিন্ন সামরিক-বেসামরিক অবকাঠামোয় লাগাতার হামলা চলছে। আজ তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সের একটি ১২,০০০ দর্শক ধারণ ক্ষমতার ইনডোর অ্যারেনা মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হয়েছে, যা ইরানের অবকাঠামোর ওপর একের পর এক বেআইনি আক্রমণের নতুন উদাহরণ।
হামলায় সাইক্লিং ফেডারেশনের নতুন নির্মিত ভবন এবং আবাসিক ভবনগুলোও ধ্বংস হয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী স্থাপনার জানালা, যার মধ্যে কমপ্লেক্সের সুইমিং পুলও রয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রোইং ফেডারেশনের সভাপতি আলিরেজা সোহরাবিয়ান এই হামলাকে রেড ক্রস চাটারের লঙ্ঘন হিসেবে নিন্দা করেছেন। চাটারের অনুযায়ী যুদ্ধকালীন সময়ে ক্রীড়া, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত স্থাপনা লক্ষ্যবস্তু করা নিষিদ্ধ।
তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে সোহরাবিয়ান ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি এবং সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি আগ্রাসনে শহীদ হওয়া সাধারণ নাগরিকদের প্রতি সমবেদনা জানান। তিনি আরও বলেন, “যুদ্ধকালে ক্রীড়া, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত স্থানগুলোর ধ্বংস রেড ক্রসের দ্বারা স্পষ্টভাবে নিষিদ্ধ, কিন্তু আজ আমরা আজাদি স্টেডিয়ামে সরাসরি একটি ক্রীড়া স্থানের ওপর আক্রমণ প্রত্যক্ষ করেছি।”
এর আগে ইরান হ্যান্ডবল ফেডারেশন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তাদের সদর দপ্তর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, “দখলদার জায়নিস্ট শাসন ও যুক্তরাষ্ট্র আমাদের প্রিয় মাতৃভূমি ইরানের বিরুদ্ধে যে বর্বর আগ্রাসন ও প্রকাশ্য লঙ্ঘন চালিয়েছে, তার পরিণতিতে আজ (১ মার্চ) হ্যান্ডবল ফেডারেশনের সদর দপ্তর যার মধ্যে প্রশাসনিক ভবন, শহীদ সোলাইমানি হল এবং আবাসন ভবন রয়েছে- ভয়াবহ ধ্বংসের মুখে পড়েছে। ক্ষয়ক্ষতির মাত্রা ১২ দিনের যুদ্ধের সময়ের চেয়েও বেশি।”
তবে হামলার সময় ফেডারেশনের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে উপস্থিত না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক সময়ে জায়নিস্ট শাসনের ধারাবাহিক সহিংসতার মধ্যেই এই হামলার ঘটনা ঘটেছে।
এদিকে ফেডারেশন তাদের বিবৃতিতে ইসলামী বিপ্লবের আদর্শের প্রতি “অটল প্রতিশ্রুতি” পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে নিরীহ নাগরিকদের শহীদ হওয়া এবং ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির প্রতি গভীর সমবেদনাও জানানো হয়েছে।
আরএ