স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০২৬, ০৪:৪৬ পিএম
বাংলাদেশ নারী ফুটবল দলের এশিয়ান কাপে প্রথম অভিযানটা দারুণভাবে শুরু হয়েছে, যদিও ফলাফলটা জয়ের হয়নি। বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ২-০ গোলে হারলেও লাল-সবুজের মেয়েরা পুরো ম্যাচে দারুণ লড়াই করেছে। চীনের মতো শক্তিশালী দলের সামনে চোখে চোখ রেখে খেলা দেখে অনেকেই প্রশংসা করছেন।
এই পারফরম্যান্স দেখে পরের ম্যাচের প্রতিপক্ষ উত্তর কোরিয়ার কোচ রি সন হো বেশ সতর্ক হয়ে গেছেন। বৃহস্পতিবার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তিনি বলেন, চীন-বাংলাদেশ ম্যাচটা তিনি দেখেছেন। তার ধারণা ছিল বাংলাদেশ দল সাধারণ, কিন্তু মাঠে দেখা গেছে তারা অনেক বেশি শক্তিশালী এবং দ্রুতগতির।
উত্তর কোরিয়া কোচ বলেন, ‘আমি এখানে বসে চীন বনাম বাংলাদেশ ম্যাচটি দেখেছি। আমার মনে হয়েছে বাংলাদেশ দল আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাদের আক্রমণভাগ অনেক দ্রুত। বিশেষ করে ট্রানজেকশন পিরিয়ডে (রক্ষণ থেকে আক্রমণ) তারা বেশ দক্ষ এবং তীক্ষ্ণ। সাধারণভাবে বলতে গেলে, বাংলাদেশ খুব দ্রুতগতির দল। তাই আগামী ম্যাচে আমাদের রক্ষণভাগকে অনেক বেশি মনোযোগী হতে হবে যাতে তারা গোল করার কোনো সুযোগ না পায়।’
কোচের মতে, বাংলাদেশের আক্রমণভাগ খুব দ্রুত এবং রক্ষণ থেকে আক্রমণে যাওয়ার সময় তারা খুব তীক্ষ্ণ। তাই আগামী ম্যাচে উত্তর কোরিয়ার রক্ষণভাগকে আরও সতর্ক ও মনোযোগী হতে হবে, যাতে বাংলাদেশের মেয়েরা গোলের সুযোগ না পায়।
বিশেষ করে বাংলাদেশের আক্রমণের তিনজন খেলোয়াড়কে তিনি বিপজ্জনক মনে করছেন। এর মধ্যে ১৭ নম্বর জার্সি পরা ঋতুপর্ণা চাকমাকে নিয়ে তিনি সবচেয়ে বেশি সতর্ক। ঋতুপর্ণা বাম দিক দিয়ে খুব দ্রুত আক্রমণ চালাতে পারেন বলে কোচের মন্তব্য।
তিনি বলেন, ‘মূলত আমি আক্রমণভাগের তিনজন খেলোয়াড়কে বিপজ্জনক মনে করি। এর মধ্যে বিশেষ করে ১৭ নম্বর জার্সিধারী (ঋতুপর্ণা চাকমা) নিয়ে আমি সতর্ক, যিনি বাম প্রান্ত দিয়ে খুব দ্রুত আক্রমণ করতে পারেন।’
রি সন হো আরও বলেন, ‘আমি একটু আগেই বলেছি তাদের আক্রমণভাগের খেলোয়াড়দের গতি অনেক বেশি। আক্রমণ এবং রক্ষণ উভয়ক্ষেত্রেই তাদের গতি আমাদের ভাবিয়ে তুলেছে। তাই আগামীকাল ম্যাচে এই খেলোয়াড়দের রুখতে আমাদের রক্ষণভাগকে আরও বেশি মনোযোগী হতে হবে।’