images

স্পোর্টস / ফুটবল

‘গোলকিপার মিলি এলভিস প্রিসলির মতো, দারুণ একটা স্টাইল আছে’

স্পোর্টস ডেস্ক

০৫ মার্চ ২০২৬, ০২:২৯ পিএম

বাংলাদেশ নারী ফুটবল দলের নিয়মিত গোলকিপার রুপ্না চাকমা। তবে এশিয়ান কাপে নিজেদের ঐতিহাসিক অভিষেক ম্যাচে প্রধান কোচ পিটার বাটলার তাঁকে নামালেন। রুপ্নার বদলে প্রথম একাদশে ডাক পেলেন তরুণ মিলি আক্তার। উচ্চতার কারণেই রুপ্নার বদলে দলে ডাক পেয়েছিলেন মিলি। এত বড় টুর্নামেন্টে ডাক পেয়ে দলকে দুর্দান্ত প্রতিদান দিয়েছেন তিনি। ম্যাচ শেষে প্রতিপক্ষ চীনের কোচও তাঁর প্রশংসা করেছেন।

চীনের বিপক্ষে এশিয়ান কাপে নিজেদের অভিষেক ম্যাচে বাংলাদেশ হেরেছে ২-০ গোলে। তবে হারলেও দুর্দান্ত লড়াইয়ের কারণে প্রশংসায় ভেসেছেন ঋতুপর্ণা চাকমারা। এছাড়া গোলপোস্টের নিচে দেয়াল হয়ে থেকে প্রশংসা কুড়িয়েছেন তরুণ মিলি। সেদিন ম্যাচ শেষে মিলিকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বাটলার। এদিকে দ্বিতীয় ম্যাচে আগামীকাল উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে প্রধান কোচ বাটলার মিলিকে তুলনা করলেন এলভিস প্রিসলির সঙ্গে। 

তিনি বলেন, ‘গোলকিপার মিলি অনেকটা এলভিস প্রিসলির মতো, তার দারুণ একটা স্টাইল আছে। এই টুর্নামেন্টে তার চুলের স্টাইলই সেরা। আজ সকালেও আমরা এটা নিয়ে কথা বলছিলাম। সে অনেক দিন ধরেই সুযোগের অপেক্ষায় ছিল এবং সে যে আগে খেলেনি, তার একমাত্র কারণ হলো আমাদের কোনো ম্যাচ ছিল না।’

তিনি আরও বলেন, ‘চীন ম্যাচের আগে ৯০ থেকে ১০০ দিন আমাদের কোনো প্রস্তুতি ম্যাচ ছিল না, যা দুর্ভাগ্যজনক। আমাকে এই সিদ্ধান্তের কোনো কৈফিয়ত দিতে হবে না (মিলিকে একাদশে নেওয়া)। আমার মনে হয় বাংলাদেশের ফুটবলে গোলকিপিংয়ে বড় সমস্যা আছে, যা নিয়ে কাজ করা দরকার। এটা করা আমার কাজ নয়; আমি যা করতে পারি, তা হলো নতুনদের খুঁজে বের করা এবং মিলির মতো তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার মতো সাহসী হওয়া।’

মিলিকে প্রশংসায় ভাসিয়ে তিনি আরও বলেন, ‘সে এই সুযোগ পাওয়ার যোগ্য ছিল, কারণ তার উচ্চতা আছে (৫ ফুট ৬ ইঞ্চি), হাত ভালো এবং দারুণ একটা চরিত্র। সবচেয়ে বড় কথা, সে একটি সুশৃঙ্খল পরিবেশ থেকে এসেছে; কারণ, সে একজন সৈনিক এবং অনেকেই এই বিষয়টি জানে না।’