images

স্পোর্টস / ক্রিকেট

‘এমন আজেবাজে সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড কীভাবে নিল’

স্পোর্টস ডেস্ক

০৫ মার্চ ২০২৬, ০১:৩৪ পিএম

পাকিস্তান ক্রিকেটে সমালোচনার ঝড় থামছেই না। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ হতাশাজনক পারফরম্যান্সের পর দলটি যখন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি নিচ্ছে, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সিদ্ধান্ত নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফ এই সিদ্ধান্তকে ‘আজেবাজে’ বলে কটাক্ষ করেছেন।

পিসিবি সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। শাহিন শাহ আফ্রিদি এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো বাবর আজমের বাদ পড়া। সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে সেঞ্চুরি করা বাবরের নাম দলে নেই। একই সঙ্গে ফখর জামানও (হ্যামস্ট্রিং চোটের কারণে পুনর্বাসনে থাকায়) অনুপস্থিত।

এই দল ঘোষণার পর মোহাম্মদ ইউসুফ তার অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন,‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমকে নেওয়াটাই ছিল অবাক করার মতো। এবার তাকে বাদ দেওয়া হয়েছে। যদি তাকে বাদ দেওয়াটা কেবল বিশ্রামের ব্যাপার না হয়, তাহলে ব্যাপারটা চমকে দেওয়ার মতোই। এসব আজেবাজে সিদ্ধান্ত কে নিচ্ছে?’

দলে ছয়জন নতুন মুখ রয়েছে, যাদের ওয়ানডেতে এখনো অভিষেক হয়নি। এরা হলেন আবদুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ, শামাইল হোসেন এবং সাহিবজাদা ফারহান। ফারহানের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কিছু অভিজ্ঞতা আছে, বাকিরা সম্পূর্ণ নতুন। এদের মধ্যে সামাদ, সাদাকাত, সাদ মাসুদ ও শামাইল পাকিস্তান শাহিনস দলে ছিলেন এবং সম্প্রতি আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেছেন, যদিও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সিরিজের বাকি অংশ বাতিল হয়ে যায়।

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর নির্বাচক কমিটিতে পরিবর্তন এসেছে। নির্বাচক আলিম দার পদত্যাগ করেছেন। সূত্রের খবর, বিশ্বকাপ দল নির্বাচনে তিনি বাবর আজম, শাদাব খান ও উসমান খানের অন্তর্ভুক্তির বিরোধিতা করেছিলেন। কোচ মাইক হেসনের প্রভাব এবং কমিটির অভ্যন্তরীণ দ্বন্দ্বও তার পদত্যাগের কারণ বলে জানা যায়।

সিরিজটি মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ১১, ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা। পাকিস্তান দল ৮ মার্চ বাংলাদেশে আসার পরিকল্পনা করেছে। তবে মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের কারণে ভ্রমণ ও নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তানি গণমাধ্যম জিও সুপারের খবর অনুযায়ী, পরিস্থিতি যদি ভ্রমণ বা নিরাপত্তার ঝুঁকি না বাড়ায়, তবেই দল সফর করবে।