স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০২৬, ০৮:৫১ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। শিরোপা ধরে রাখতে এবারও চেষ্টার কমতি রাখছে না দলটি। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে হোঁচট খেলেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ভারতীয়রা। এবার লক্ষ্য শেষ চারের বাধা পেরিয়ে ফাইনালে যাওয়া। আর শিরোপা জেতার লড়াইয়ে ধর্মীয় বিশ্বাসও মেনে চলছে দলটি। তাই চন্দ্রগ্রহণের কারণে মঙ্গলবার অনুশীলনের সময়সূচি পরিবর্তন করেছেন সূর্যকুমার যাদবরা।
জানা গেছে, টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগে সাধারণত ম্যাচের দুই দিন আগে সন্ধ্যা ছয়টা থেকে অনুশীলন করার কথা ভারতের। সেই অনুযায়ী বোর্ডের পক্ষ থেকেও জানানো হয়েছিল, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুশীলন করবে ভারত জাতীয় ক্রিকেট দল।
কিন্তু পরে জানা যায়, সেদিন বিকেল ৩টা ২০ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই সময়ে শুভ কাজ এড়িয়ে চলাই উত্তম মনে করা হয়। সে কারণে অনুশীলনের সময় পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় দল ব্যবস্থাপনা কমিটি।
একটি সূত্র জানিয়েছে, “দল জানতে পারে যে গতকাল চন্দ্রগ্রহণ। এমন সময়ে ভালো কাজ শুরু করা এড়িয়ে চলাই প্রচলিত বিশ্বাস। সামনে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল থাকায় ইতিবাচকভাবে প্রস্তুতি শুরু করতে চেয়েছিল সবাই। তাই ঠিক করা হয়, গ্রহণ শেষ হওয়ার পরই অনুশীলন শুরু হবে।” এর ফলে অনুশীলন প্রায় এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।
পুরো টুর্নামেন্টজুড়েই ধর্মীয় আচার–অনুষ্ঠান মেনে চলতে দেখা গেছে ভারতীয় ক্রিকেটারদের। ম্যাচের আগের দিন বিভিন্ন মন্দিরেও যেতে দেখা গেছে দলটির কয়েকজন সদস্যকে। কলকাতাসহ বিভিন্ন শহরে মন্দিরে প্রার্থনা করার ঘটনাও দেখা গেছে।
সুপার এইটের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। এবার বৃহস্পতিবার সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামবে। টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে তারা।