images

স্পোর্টস / ফুটবল

হ‍্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে রোনালদো

স্পোর্টস ডেস্ক

০৪ মার্চ ২০২৬, ০৫:১৮ পিএম

হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন সৌদি ক্লাব আল নাসেরের তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তিনি ঠিক কবে মাঠে ফিরবেন, সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনও সময়সীমা জানায়নি ক্লাব কর্তৃপক্ষ।

মঙ্গলবার এক বিবৃতিতে আল নাসের জানায়, গত শনিবার আল ফাইহার বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে চোট পান পাঁচবারের ব্যালনড'র জয়ী এই ফুটবলার। ম্যাচের পর থেকেই তিনি চিকিৎসা ও পর্যবেক্ষণে রয়েছেন।

ক্লাবের বক্তব্য অনুযায়ী, রোনালদো ইতোমধ্যে পুনর্বাসন কর্মসূচি শুরু করেছেন এবং তার শারীরিক অবস্থার প্রতিদিন মূল্যায়ন করা হচ্ছে। যদিও ইনজুরির প্রকৃতি বা সম্ভাব্য বিরতির দৈর্ঘ্য নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে ম্যাচ শেষে আল নাসরের কোচ হোর্হে জেসুস ইঙ্গিত দিয়েছিলেন, এটি গুরুতর কিছু নয়; মূলত ‘মাসল ফ্যাটিগ’ বা পেশির অতিরিক্ত ক্লান্তি থেকেই সমস্যা তৈরি হয়েছে।

মঙ্গলবার ক্লাবের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড জিমে ভারোত্তোলনসহ হালকা অনুশীলন করছেন। এতে ধারণা করা হচ্ছে, পুনরুদ্ধার প্রক্রিয়া ইতোমধ্যে ইতিবাচক দিকেই এগোচ্ছে।

উল্লেখ্য, পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী রোনালদো সামনে তার ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার লক্ষ্য নিয়ে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।