images

স্পোর্টস / ক্রিকেট

বাংলাদেশ সফরের আগে পাকিস্তানের কোচ হচ্ছেন সাবেক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

০৪ মার্চ ২০২৬, ০৩:০৭ পিএম

পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদকে টেস্ট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বুধবার এমন তথ্য জানিয়েছে জিও নিউজ। সূত্রের খবর, আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই দায়িত্ব শুরু করতে পারেন সরফরাজ।

গত কয়েক মাস ধরে পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচের পদটি খালি ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের সিরিজে ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আজহার মাহমুদ। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তার মেয়াদ শেষ হয়েছে। চলতি বছরের জুনে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন আজহার। শুরুতে তার চুক্তি ছিল ২০২৬ সালের মার্চ পর্যন্ত। কিন্তু আগামী বছর বাংলাদেশের বিপক্ষে সফরের আগে কোনো টেস্ট না থাকায় আগেভাগেই দায়িত্ব শেষ করার সিদ্ধান্ত নেয় দুই পক্ষ।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে সব ফরম্যাটের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন আজহার মাহমুদ। তখন তিনি সাদা বল ও লাল বল- দুই দল নিয়েই কাজ করছিলেন। ভারপ্রাপ্ত কোচ হিসেবে তার সময়েই ঘরের মাঠে বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১–১ ব্যবধানে সিরিজ ড্র করে পাকিস্তান।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী মে মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। প্রথম টেস্ট শুরু হবে ৮ মে, দ্বিতীয়টি ১৬ মে। উইকেটকিপার-ব্যাটার সরফরাজ আহমেদ পাকিস্তানের টেস্ট ক্রিকেটের পরিচিত মুখ। এখন পর্যন্ত ৫৪টি টেস্টে খেলেছেন তিনি। করেছেন ৩০৩১ রান, গড় ৩৭.৪১। আছে ২১টি অর্ধশতক ও ৪টি শতক।

ওয়ানডে ক্রিকেটে ১১৭ ম্যাচে ২৩১৫ রান করেছেন সরফরাজ। গড় ৩৩.৫৫, যেখানে রয়েছে ১১টি অর্ধশতক ও ২টি শতক। আর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৬১ ম্যাচে পাকিস্তানের প্রতিনিধিত্ব করে ৮১৮ রান করেছেন তিনি। তার স্ট্রাইক রেট ১২৫.২৬ এবং আছে তিনটি অর্ধশতক।