স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০২৬, ০২:০৭ পিএম
পাকিস্তান ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বাবর আজম। দীর্ঘদিন ধরে প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়ায় তাকে ঘিরে সমালোচনা তুঙ্গে। চলমান বিশ্বকাপেও ব্যাট হাতে বড় কিছু করতে না পারায় বিতর্ক আরও বেড়েছে। তবে এমন সময়ে তার পাশেই দাঁড়ালেন সাবেক ওপেনার আহমেদ শেহজাদ।
জিও নিউজে এক অনুষ্ঠানে শেহজাদ স্পষ্টভাবে বলেন,‘২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দেন। বাবরকে হেয় করবেন না বা সবকিছুর জন্য তাকে দায়ী করবেন না। সব দোষ বাবরের না, সব খারাপ তার জন্য হয়নি।’
শেহজাদের ভাষায়, বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে বাবরকে বাদ দেওয়ার কোনো যুক্তি নেই। তিনি প্রশ্ন তোলেন, জয়ের লক্ষ্য থাকলে কীভাবে দলের সেরা ওয়ানডে ব্যাটারকে বাইরে রাখা যায়? তার দাবি, ওয়ানডে ফরম্যাটে বাবরই পাকিস্তানের ভরসা এবং ধারাবাহিক রান সংগ্রাহক।
তিনি বলেন, ‘বাবর আজম আপনার সেরা ওয়ানডে ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে তাকে বাদ দেবেন না। ওয়ানডে তো আপনাকে জিততে হবে। বাংলাদেশের বিপক্ষে কি পরাজয়ের পরিকল্পনা আপনাদের? বাবর আজম (বাংলাদেশে) না গেলে আপনি কিভাবে জিতবেন? ওয়ানডেতে বাবরই পাকিস্তানের নাম্বার ওয়ান খেলোয়াড়, সবচেয়ে বেশি রান করে।’
বাংলাদেশ সফর যে সহজ হবে না, সেটিও উল্লেখ করেন শেহজাদ। তার মতে, মিরপুরের কন্ডিশন চ্যালেঞ্জিং এবং সেখানে অভিজ্ঞ ক্রিকেটারের প্রয়োজন। এমন একজন দরকার, যিনি এক প্রান্ত সামলে রেখে দলকে এগিয়ে নিতে পারেন। বাবরের আগের অভিজ্ঞতাও দলের জন্য কাজে আসবে বলে মনে করেন তিনি।
শেহজাদের ভাষ্যে, ‘ওদের (বাংলাদেশ) ভালো দল। ওরা আপনাকে চ্যালেঞ্জ জানাবে। সেখানে কন্ডিশন কঠিন হবে, আর দল হিমশিম খেতে পারে। ওখানে অভিজ্ঞ খেলোয়াড় দরকার। এমন খেলোয়াড় দরকার যিনি এক প্রান্ত আগলে রেখে খেলতে পারবেন এবং আগেও বাংলাদেশে পারফরম্যান্স করেছেন। তাই বাবর আজমের বাংলাদেশে যাওয়া খুব খুব গুরুত্বপূর্ণ।’
শুধু অভিজ্ঞতার জন্যই নয়, বাবরের ব্যক্তিগত ফর্ম ফিরে পাওয়ার ক্ষেত্রেও এই সিরিজ গুরুত্বপূর্ণ বলে মনে করেন শেহজাদ। অনেক দিন ওয়ানডে না খেলায় ম্যাচ প্র্যাকটিসের অভাব রয়েছে তার। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ তাকে ছন্দে ফিরতে সাহায্য করতে পারে বলেও মত তার। ‘বাবরের বাংলাদেশে যাওয়া আরো দুইটি কারণে দরকার- প্রথমত, সে ফর্মে নেই এবং দ্বিতীয়ত সে অনেক দিন ধরে ওয়ানডে খেলে না। এই সিরিজটি খেললে আবার সে চালু হবে।’ শেষে তার দৃঢ় উচ্চারণ, ‘আপনি বাংলাদেশের বিপক্ষে হারতে পারেন না, এটা মনে রাখতে হবে। তাই অবশ্যই বাবরকে নিয়ে যেতে হবে।’
বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ মার্চ। পরের দুটি ম্যাচ ১৩ ও ১৫ মার্চ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে, শুরু দুপুর ২টা ১৫ মিনিটে।