স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০২৬, ১০:৪২ এএম
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল। গুরুতর হাঁটুর চোটে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন রদ্রিগো। তার ক্লাব রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, মেডিক্যাল পরীক্ষায় ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়া এবং ল্যাটেরাল মেনিসকাসে ক্ষত ধরা পড়েছে। ফলে আগামী গ্রীষ্মে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে তার খেলা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, এই চোট থেকে সেরে উঠতে ১০ থেকে ১২ মাস সময় লাগতে পারে। অর্থাৎ পুরো মৌসুমই মাঠের বাইরে কাটাতে হতে পারে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।
চোটটি পান লা লিগায় গেতাফের বিপক্ষে ম্যাচে। সোমবার নিজেদের মাঠে ১-০ ব্যবধানে হেরে যাওয়া সেই ম্যাচে বদলি হিসেবে নামেন রদ্রিগো। খেলার মাঝেই অস্বস্তি অনুভব করলেও ম্যাচ শেষ করেন তিনি। তবে পরদিন পরীক্ষায় চোটের গুরুতর অবস্থা নিশ্চিত হয়।
উল্লেখ্য, টেন্ডোনাইটিসের কারণে এক মাসের বেশি সময় বাইরে থাকার পর সবে দলে ফিরেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। কিন্তু ফিরেই এমন দুঃসংবাদে হতাশ ক্লাব ও সমর্থকরা।
আসন্ন বিশ্বকাপে ষষ্ঠ শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে পরিকল্পনায় রদ্রিগোকে পাচ্ছেন না কোচ কার্লো আনচেলত্তি। তার অনুপস্থিতি দলকে বড় ধাক্কা দেবে বলেই মনে করা হচ্ছে।
এসটি
একই সময়ে চোট সমস্যায় ভুগছে রিয়াল মাদ্রিদও। দলের আরেক তারকা কিলিয়ান এমবাপে বর্তমানে হাঁটুর চোটে মাঠের বাইরে। ফলে আক্রমণভাগে একসঙ্গে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়ে কঠিন সময় পার করছে স্প্যানিশ জায়ান্টরা।