images

স্পোর্টস / ফুটবল

ঋতুপর্ণা-মারিয়াদের খেলায় মুগ্ধ বাটলার, বিস্মিত চীনের কোচ

স্পোর্টস ডেস্ক

০৩ মার্চ ২০২৬, ০৯:৪৬ পিএম

বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য আজকের দিনটি ঐতিহাসিক। এশিয়ান কাপে নিজেদের ইতিহাসের প্রথম ম্যাচটি খেলেছে লাল-সবুজের দল। চীনের বিপক্ষে ম্যাচটি ২-০ গোলে হারলেও বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে বীরের মতোই লড়াই করেছে বাংলাদেশের মেয়েরা যা দেখে মুগ্ধ হয়েছেন কোচ পিটার বাটলার। দুর্দান্ত পারফর্ম্যান্সে প্রতিপক্ষ দলের কোচের নজর কেড়েছেন ঋতুপর্ণা চাকমারা। এমনকি গোলপোস্টের নিচে মিলি আক্তারকে দেখে বিস্মিত হয়েছেন চীনের কোচ। 

ম্যাচ শেষে বাংলাদেশের কোচ বাটলার বলেন, ‘চীন এশিয়ার অন্যতম সেরা দল, সম্ভবত সেরাদের মধ্যে সেরা এবং বর্তমান চ্যাম্পিয়ন। তারা জিতেছে, আমি তাদের অভিনন্দন জানাই।’ ম্যাচের আগে নিজের শিষ্যাদের সেরাটা দেওয়ার কথা বলেছিলেন জানিয়ে বাটলার বলেন, ‘ম্যাচের আগে আমি মেয়েদের বলেছিলাম তারা যেন তাদের সেরাটা দেয় এবং নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয়।’

দলের ফুটবলারদের প্রশংসায় ভাসিয়ে তিনি বলেন, ‘মেয়েরা দেশের নাম উজ্জ্বল করেছে, জার্সির মান রেখেছে। এর মাধ্যমেই বোঝা যায় আমরা কতটা এগিয়েছি।’

mili

এদিকে চীনের বিপক্ষে আজ মূল গোলরক্ষক রুপ্না চাকমাকে খেলাননি বাটলার। তাঁর বদলে খেলেছেন তরুণ মিলি আক্তার। মিলিকে খেলাতে দেখে বিস্মিত হয়েছেন চীনের কোচ। তিনি বলেন, ‘গোলকিপার মিলিকে একাদশে দেখে অবাক হয়েছি। তবে সে-ও খুব ভালো খেলেছে।’

মিলির প্রশংসায় পঞ্চমুখ বাটলারও। তিনি বলেন, ‘মিলি আজ অসাধারণ ছিল। আমি পরিবর্তন আনতে চেয়েছিলাম এবং এ ধরনের সিদ্ধান্ত নিতে আমি ভয় পাই না। আমি খুশি যে আমরা অসম্মানিত হইনি।’

এদিকে বাংলাদেশের ফুটবলারদের মধ্যে আলাদাভাবে কাউকে চোখে পড়েছে কি না জানতে চাইলে চীনের কোচ বলেন, ‘১৭ নম্বর (ঋতুপর্ণা চাকমা), ৬ নম্বর (মনিকা চাকমা) ও ৮ নম্বরকে (মারিয়া মান্দা) চোখে পড়েছে।’