images

স্পোর্টস / ফুটবল

টানা দুই হারের পরও শিরোপা জিততে আত্মবিশ্বাসী রিয়াল মাদ্রিদ কোচ

স্পোর্টস ডেস্ক

০৩ মার্চ ২০২৬, ০৭:০৪ পিএম

স্প্যানিশ লা লিগায় টানা দুই ম্যাচে হেরে শিরোপা দৌড়ে বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে থাকলেও ব্যবধান ঘোচানোর প্রত্যয়ের কথা জানিয়েছেন কোচ আলভারো আরবেলোয়া।

সোমবার সান্তিয়াগো বের্নাবেউয়ে গেতাফের ১৮ বছর পর হারের মুখ দেখে রিয়াল। মার্তিন সাতরিয়ানোর প্রথমার্ধের গোলে জয় পায় সফরকারীরা। গত ২১ ফেব্রুয়ারি ওসাসুনার কাছে গোলে হারের পর শীর্ষস্থান হারিয়েছিল রিয়াল। বর্তমানে ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে তারা। ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। লিগে বাকি আছে আর ১২ রাউন্ড।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই হারের ফলে রিয়ালের শিরোপা জয়ের আশা শেষ হয়ে গেল কি না – এমন প্রশ্নের জবাবে আরবেলোয়া বলেন, “না, অবশ্যই না। এখনও ৩৬ পয়েন্ট বাকি আছে এবং আমাদের সেগুলোর জন্য লড়াই করতে হবে। এখানে কেউ হাল ছেড়ে দেবে না, এটাই রিয়াল মাদ্রিদ। ৪ পয়েন্টের এই ব্যবধান আমরা ঘুচিয়ে দিতে পারব বলে বিশ্বাস করি।”

“এটি এমন একটি ম্যাচ যেখানে আমরা আরও ভালো করতে পারতাম। আমরা তাদের চেয়ে অনেক বেশি পরিষ্কার সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু ফুটবল কেবল যোগ্যতার বিষয় নয়। গেতাফে সেটাই করেছে যা তারা করে থাকে। আমাদের প্রত্যাশার বাইরে তেমন কিছুই ঘটেনি।”

হাঁটুর চোটের কারণে কিলিয়ান এমবাপে ও ঊরুর চোটে কারণে জুড বেলিংহ্যাম বর্তমানে মাঠের বাইরে আছেন। আগামী শুক্রবার লিগ ম্যাচে সেল্তা ভিগোর বিপক্ষে মাঠে নামবে রিয়াল। বুধবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে।

সামনের কঠিন চ্যালেঞ্জ নিয়ে রিয়াল কোচ বলেন, “আমাদের দারুণ সব খেলোয়াড় আছে, একটি চমৎকার দল আছে। যারা ইনজুরিতে আছে তারা সেরে উঠে আমাদের অনেক সাহায্য করবে। আমরা মাঠে আরও ভালো খেলতে পারি। এই ধরণের হারের পর সমালোচনা হওয়াটাই স্বাভাবিক এবং আমি তা বুঝতে পারছি।”