images

স্পোর্টস / ক্রিকেট

সেমিফাইনাল বৃষ্টিতে পণ্ড হলে ফাইনালে উঠবে কারা

স্পোর্টস ডেস্ক

০৩ মার্চ ২০২৬, ০৫:১০ পিএম

গ্রুপ পর্ব ও সুপার এইটের টানটান উত্তেজনা পেরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন এসে ঠেকেছে শেষ চারের লড়াইয়ে। স্বপ্ন আর শঙ্কার মাঝখানে দাঁড়িয়ে চার দল ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। প্রথম সেমিফাইনালে ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। কিন্তু ক্রিকেটীয় লড়াইয়ের বাইরেও এখন বড় প্রশ্ন প্রকৃতি যদি বাধা হয়ে দাঁড়ায়, তবে কী হবে?

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নকআউট ম্যাচের জন্য রেখেছে বিশেষ ব্যবস্থা। সেমিফাইনালের জন্য নির্ধারিত আছে একটি ‘রিজার্ভ ডে’ বা সংরক্ষিত দিন। ম্যাচের নির্ধারিত দিনে খেলা সম্ভব না হলে পরদিন সেই ম্যাচ সম্পন্ন করার চেষ্টা করা হবে।

আম্পায়ারদের প্রধান লক্ষ্য থাকবে অন্তত পাঁচ ওভারের একটি ম্যাচ আয়োজন করা, যাতে ফল নির্ধারণ করা যায়। এ উদ্দেশ্যে প্রথম দিনে অতিরিক্ত ৯০ মিনিট এবং রিজার্ভ ডেতে আরও ১২০ মিনিট সময় রাখা হয়েছে। অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা থাকবে মাঠে খেলা গড়ানোর।

সবচেয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হবে যদি দুই দিনেই বৃষ্টি থামার নাম না নেয়। সেক্ষেত্রে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে। তখন আর মাঠের পারফরম্যান্স নয়, নির্ধারণী হবে সুপার এইট পর্বের পয়েন্ট টেবিল।

সুপার এইটে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা দুই দলই তিন ম্যাচে তিন জয় পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। তাদের সংগ্রহ ছিল ছয় পয়েন্ট করে। অন্যদিকে ভারত তিন ম্যাচে দুই জয় নিয়ে পেয়েছিল চার পয়েন্ট। নিউজিল্যান্ড এক জয় ও একটি পরিত্যক্ত ম্যাচ থেকে সংগ্রহ করেছিল তিন পয়েন্ট।

এই সমীকরণ অনুযায়ী, যদি প্রথম সেমিফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত হয়, তবে পয়েন্টে এগিয়ে থাকায় ফাইনালে যাবে দক্ষিণ আফ্রিকা। একইভাবে দ্বিতীয় সেমিফাইনাল ভেসে গেলে ভারতের বদলে ফাইনালে উঠবে ইংল্যান্ড।

আর যদি দুই সেমিফাইনালই মাঠে গড়াতে না পারে, তবে সুপার এইটের শ্রেষ্ঠত্বের ভিত্তিতে সরাসরি ফাইনালে দেখা যাবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে।