images

স্পোর্টস / ক্রিকেট

বিশ্বকাপ সেমিফাইনালের ম্যাচ অফিসিয়ালদের নাম জানাল আইসিসি

স্পোর্টস ডেস্ক

০৩ মার্চ ২০২৬, ০৪:৫৪ পিএম

টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এর নকআউট পর্ব শুরুর আগে দুই সেমিফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ম্যাচটি বুধবার (৪ মার্চ) কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে। এই ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্বে থাকবেন রিচার্ড ইলিংওর্থ ও অ্যালেক্স হোয়ার্ফ।

দুই বছর আগে আফগানিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টি–টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালেও মাঠের আম্পায়ার ছিলেন ইলিংওর্থ। অন্যদিকে এবারের আসরের গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের একটি ম্যাচ পরিচালনা করেছিলেন হোয়ার্ফ।

কলকাতার এই ম্যাচে তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন নীতিন মেনন। চতুর্থ আম্পায়ার থাকবেন রড টাকার এবং ম্যাচ রেফারি হিসেবে থাকবেন জাভাগাল শ্রীনাথ।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিস গ্যাফানি ও আলাউদ্দিন পালেকার।

২০২৪ সালের আসরেও একই পর্যায়ে এই দুই দলের ম্যাচ পরিচালনা করেছিলেন গ্যাফানি। অন্যদিকে চলতি টুর্নামেন্টে ইংল্যান্ডের দুটি ম্যাচ এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ভারতের ম্যাচেও দায়িত্ব পালন করেছেন পালেকার।

মুম্বাইয়ের এই ম্যাচে তৃতীয় আম্পায়ার থাকবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন পল রাইফেল এবং ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।