images

স্পোর্টস / ক্রিকেট

ভারত ছাড়তে পারছে না জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক

০৩ মার্চ ২০২৬, ০২:৩৭ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক আকাশসীমা বন্ধ। এ কারণে ক্রীড়াঙ্গণের অনেকইভেন্টই থমকে আছে। বাতিল হয়েছে বেশ কিছু ইভেন্ট। এদিকে মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব অনুভব করা যাচ্ছে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও। টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পরও ভারত ছাড়তে পারছে না ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে দল। সোমবার দুই দলই জানিয়েছে, তারা দেশে ফেরার পরিকল্পনা স্থগিত করেছে।

রোববার স্বাগতিক ভারতের কাছে ৫ উইকেটে হেরে সেমি-ফাইনালে উঠতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে সুপার এইটের তিনটি ম্যাচেই হেরে আগেই বিদায় নিয়েছিল জিম্বাবুয়ে।

ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত বাড়তে থাকায় উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে হাজারো ফ্লাইট বাতিল হয়েছে। এতে বিশ্বের ব্যস্ততম ট্রানজিট হাবগুলোর কার্যক্রম ব্যাহত হয়েছে এবং দুই দলের ফেরাও আটকে গেছে।

জিম্বাবুয়ে ক্রিকেট সামাজিক যোগাযোগের মাধ্যমে জানিয়েছে, “জিম্বাবুয়ে পুরুষ দল ভারতে নিরাপদ ও সুস্থ আছে... দলের দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল।” ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, খেলোয়াড় ও স্টাফদের নিরাপদ ভ্রমণের ব্যবস্থা করতে তারা আইসিসির সঙ্গে কাজ করছে।

“আমাদের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের নিরাপত্তা ও সুস্থতাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।” আইসিসি আগেই জানিয়েছিল, যারা দুবাই হয়ে নিজ নিজ দেশে ফেরার কথা ছিল, তাদের জন্য বিকল্প পরিকল্পনা করা হয়েছে।

আরএ