images

স্পোর্টস / ফুটবল

কাতারে স্থগিত সব ফুটবল, 'ফিনালিসিমা'র ভেন্যু পরিবর্তনের দাবি স্পেনের

স্পোর্টস ডেস্ক

০৩ মার্চ ২০২৬, ১১:৩৩ এএম

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবার আন্তর্জাতিক ফুটবলের বড় ম্যাচকে সরাসরি প্রভাবিত করেছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা বিজয়ী আর্জেন্টিনার মধ্যকার 'ফিনালিসিমা' ম্যাচটি এখন অনিশ্চয়তার মুখে।

২৭ মার্চ কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে নির্ধারিত এই হাই-ভোল্টেজ ম্যাচটির আয়োজন নিয়ে বড় ধাক্কা লেগেছে। কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ) অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দেশের সব ধরনের ফুটবল প্রতিযোগিতা, টুর্নামেন্ট এবং ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং সংশ্লিষ্ট আঞ্চলিক সংঘাতের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফলে লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এই ম্যাচের ভবিষ্যৎ এখন পুরোপুরি ঝুলে আছে। ম্যাচটি ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল চরমে প্রায় ৮৯ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়ামের সব টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছিল। লিওনেল মেসির আর্জেন্টিনা এবং লামিনে ইয়ামালের স্পেনের মুখোমুখি লড়াইয়ের অপেক্ষায় ছিলেন কোটি কোটি ফুটবলপ্রেমী।

স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে এই পরিস্থিতিতে বাস্তবসম্মত মন্তব্য করেছেন। রেডিও নাসিওনালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আলোচনা চলছে এবং সবার প্রথম প্রার্থনা যেন সংঘাত থামে। তবে পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয় এবং দোহায় ম্যাচ আয়োজন অসম্ভব হয়ে পড়ে, তাহলে অন্য কোনো নিরাপদ ভেন্যু খুঁজে নেওয়াই সেরা সমাধান হবে।

ইউইএফএ এবং কনমেবল এখন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিকল্প ভেন্যুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। কিছু প্রতিবেদনে মিয়ামি, লন্ডন, রোম, মাদ্রিদ কিংবা প্যারিসের মতো শহরের নামও উঠে এসেছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নির্ভর করবে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ওপর।

এসটি