images

স্পোর্টস / ফুটবল

‘বিশ্বকাপে নেইমারকে দরকার ব্রাজিলের’

স্পোর্টস ডেস্ক

০২ মার্চ ২০২৬, ০৩:১৮ পিএম

ফুটবল বিশ্বের অন্যতম বড় প্রশ্ন এখনো উত্তরহীন, নেইমার কি বিশ্বকাপে খেলবেন? ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি এখনও নিশ্চিতভাবে সিদ্ধান্ত নেননি। তবে তার সতীর্থ রদ্রিগো গোয়েস স্পষ্ট ভাষায় জানিয়েছেন, নেইমারের উপস্থিতি ছাড়া ব্রাজিলের বিশ্বকাপ অভিযান অসম্পূর্ণ।

রদ্রিগো সম্প্রতি কেজ টিভির ‘উম দিয়া কম...’ অনুষ্ঠানে বলেন, ‘বিশ্বকাপে নেইমার? আমার মতে, এটা নিয়ে কোনো আলোচনাই হওয়ার কথা না। আমরা জানি সে পুরো ফিট হতে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু তাকে বাদ দেওয়ার কোনো উপায় নেই। ও ছাড়া মজাটা একই রকম হবে না। আমাদের তাকে দরকার।’

নেইমার সম্প্রতি সান্তোসে ফিরে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং ২০২৫ সালের ডিসেম্বরে হাঁটুর মিডিয়াল মেনিস্কাস চোটের জন্য অস্ত্রোপচারও করেছেন। নতুন মৌসুমে তিনি ফের মাঠে জ্বলে উঠেছেন, শেষ ম্যাচে জোড়া গোল করেছেন, যা তার ফিটনেস নিয়ে আশা জাগাচ্ছে।

তবে আনচেলত্তির দৃষ্টি দুই জটিল বিষয়ে, নেইমারের সম্পূর্ণ ফিটনেস এবং বিশ্বকাপের উচ্চ প্রতিদ্বন্দ্বিতা। ইএসপিএন ব্রাজিল জানায়, প্রাথমিক ২৬ সদস্যের স্কোয়াডে এখনও নেইমারের নাম নেই, কিন্তু রদ্রিগো আশা প্রকাশ করেছেন, কোচের সিদ্ধান্ত পরিবর্তিত হতে পারে।

ব্রাজিল গ্রুপ সি তে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের সঙ্গে আছে। ১৩ জুন মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে। রদ্রিগোর মতে, নেইমার ছাড়া সেই যাত্রার স্বপ্ন পূর্ণ হবে না।

এসটি